জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সঙ্গে জার্মানির সংসদীয় প্রতিনিধিদলের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশ ও জার্মানির দ্বিপক্ষীয় সম্পর্ক, সংসদীয় সহযোগিতা, নির্বাচন, রোহিঙ্গা সংকট এবং জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী। জার্মান প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির বুন্দেসট্যাগের সদস্য নিকলাস কাপের।
বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, সংসদ সদস্য এসকে আজিজুল বারী, এবিএম মোশাররফ হোসেন ও সানজিদা ইসলাম অংশ নেন। জার্মান প্রতিনিধিদলে ছিলেন বুন্দেসট্যাগ সদস্য গেরোল্ড ওটেন, জোহান সাথফ, উলে শাউস এবং ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ।
বৈঠকে জার্মানিকে বাংলাদেশের দীর্ঘদিনের বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অংশীদার এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অন্যতম গুরুত্বপূর্ণ সদস্যরাষ্ট্র হিসেবে উল্লেখ করা হয়। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা আরও জোরদারের বিষয়ে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করে।
আলোচনায় বলা হয়, বাংলাদেশের সাম্প্রতিক গণতান্ত্রিক রূপান্তর দুই দেশের অংশীদারত্বকে আরও বিস্তৃত করার নতুন সুযোগ তৈরি করেছে। এ লক্ষ্য অর্জনে জার্মানির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে বাংলাদেশ প্রস্তুত বলেও জানানো হয়।
বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে জানানো হয়, নির্বাচনে ১২ কোটি ৭৭ লাখের বেশি ভোটার ভোট দিয়েছেন, যা মোট ভোটারের ৬০ দশমিক ২৩ শতাংশ। নারীর রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করতে জাতীয় সংসদে ৫০টি সংরক্ষিত আসনের বিষয়টিও তুলে ধরা হয়।
একই সঙ্গে নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের পূর্ণাঙ্গ নির্বাচন পর্যবেক্ষক মিশন পাঠানোর জন্য ধন্যবাদ জানিয়ে তাদের চূড়ান্ত প্রতিবেদনের সুপারিশ নির্বাচনি প্রক্রিয়াকে আরও শক্তিশালী করতে সহায়ক হবে বলে উল্লেখ করা হয়।
এছাড়া বৈঠকে রোহিঙ্গা সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের গৃহীত পদক্ষেপ নিয়েও আলোচনা হয়।
