জুলাই গণঅভ্যুত্থয় কোনো দল বা ব্যক্তির সম্পত্তি নয়: ইশরাক

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৪১ এএম

জুলাই গণঅভ্যুত্থয়কে কোনো নির্দিষ্ট দল বা ব্যক্তির সম্পত্তি হিসেবে প্রতিষ্ঠার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকারের সময়ে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে অনেক আহত জুলাই যোদ্ধাকে গেজেটভুক্ত করা হয়নি। এতে অনেকে রাষ্ট্রীয় চিকিৎসাসুবিধা থেকে বঞ্চিত হয়েছেন, কেউ কেউ সময়মতো চিকিৎসা না পেয়ে স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেছেন।

শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় বগুড়া শহরের টিটু মিলনায়তনে জুলাই-২৪ গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত স্মরণসভা ও আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

ইশরাক হোসেন বলেন, ছাত্রদের হাত ধরে আন্দোলন শুরু হলেও পরে এতে সব শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সাধারণ মানুষ রাজপথে নেমে এসেছিলেন। তাই এই অভ্যুত্থয়কে কোনো নির্দিষ্ট দল বা ব্যক্তির সম্পত্তি হিসেবে দেখার সুযোগ নেই।

তিনি বলেন, রাজনৈতিক পরিচয়ের কারণে আহতদের গেজেটভুক্ত না করা নিন্দনীয়। সময়মতো চিকিৎসা নিশ্চিত করা গেলে অনেক আহত ব্যক্তির শারীরিক সক্ষমতা আরও উন্নত করা সম্ভব হতো।

আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের পুনর্বাসনে সরকারের উদ্যোগ তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের মাধ্যমে এ কার্যক্রম চলছে। এখানে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হচ্ছে না।

গেজেট থেকে বাদ পড়া ব্যক্তিদের পুনরায় আবেদনের জন্য সীমিত সময়ের একটি সুযোগ দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, ‘আমরা জুলাই যোদ্ধা’ ও ‘জুলাই-২৪ শহীদ পরিবার সোসাইটি’র পাশাপাশি স্থানীয় বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, জেলা প্রশাসকের কার্যালয় কিংবা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়েও আবেদন জমা দেওয়া যাবে।

ইশরাক হোসেন বলেন, আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের চিকিৎসা, পুনর্বাসন এবং দীর্ঘমেয়াদে স্বাবলম্বী করে তোলার বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়মিত খোঁজখবর রাখছেন। স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করা ব্যক্তিদের প্রয়োজন ও দক্ষতা বিবেচনায় নিয়ে পুনর্বাসনের পরিকল্পনা করা হয়েছে।

আহতদের জীবনযাত্রার মান উন্নয়নে একটি নতুন পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এতে প্রয়োজন অনুযায়ী কৃত্রিম অঙ্গ সংযোজন এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার ব্যবস্থা থাকবে। এ লক্ষ্যে ১৭টি মন্ত্রণালয়ের সমন্বয়ে গঠিত একটি কমিটি কাজ করছে।

জুলাই-২৪ শহীদ পরিবার সোসাইটির রাজশাহী বিভাগীয় সভাপতি উজ্জল হোসেন জোবায়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক রফিকুল ইসলাম, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা প্রশাসক তৌফিকুর রহমান, বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির, আরডিএর ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. আব্দুল মজিদ প্রামাণিক, বগুড়া পৌরসভার সাবেক মেয়র মাহবুবুর রহমান এবং ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. ফারজানুল হক নির্ঝর।

এ ছাড়া বক্তব্য দেন জুলাই-২৪ শহীদ পরিবার সোসাইটির চেয়ারম্যান গোলাম রহমান, ‘আমরা জুলাই যোদ্ধা’ সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আমিনুল ইসলাম ইমন, সাধারণ সম্পাদক রবিউল আওয়াল তুহিন এবং বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধানসহ অন্যরা।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন