চাকরিচ্যুতির সাড়ে তিন বছরের বেশি সময় পর দুর্নীতি দমন কমিশনে (দুদক) ফিরছেন মো. শরীফ উদ্দিন। তার চাকরি থেকে অপসারণের আদেশ প্রত্যাহার করে তাকে পুনর্বহাল করেছে কমিশন। একই সঙ্গে বিধি অনুযায়ী চাকরিতে জ্যেষ্ঠতা এবং সব বকেয়া বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাওয়ার অধিকার নিশ্চিত করা হয়েছে তার। মঙ্গলবার (১০ নভেম্বর) দুদকের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি দুদকের পটুয়াখালী কার্যালয়ের উপসহকারী পরিচালক পদ থেকে শরীফ উদ্দিনকে অপসারণ করা হয়েছিল। এর আগে ২০২১ সালের ১৬ জুন পটুয়াখালীতে বদলির আগে তিনি দুদকের চট্টগ্রাম কার্যালয়ে কর্মরত ছিলেন। সেখানে দায়িত্ব পালনকালে সরকারি প্রকল্পের জমি অধিগ্রহণে অনিয়মের ঘটনা তদন্ত করে প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করার সুপারিশ করেছিলেন তিনি। দায়িত্ব পালনের কারণে প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগ তুলে থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেছিলেন দুদকের তৎকালীন এই কর্মকর্তা।
শরীফ উদ্দিনের চাকরিচ্যুতির ঘটনা সে সময় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। এর প্রতিবাদে দুদকের প্রধান কার্যালয়ের সামনে সংস্থাটির কর্মীদের অংশগ্রহণে মানববন্ধনের ঘটনাও ঘটে।
চাকরি ফিরে পেতে রিট
শরীফ উদ্দিনকে চাকরিচ্যুতির আদেশে বলা হয়েছিল, ‘দুর্নীতি দমন কমিশন (কর্মচারী) বিধিমালা, ২০০৮-এর বিধি ৫৪ (২)-তে প্রদত্ত ক্ষমতাবলে মো. শরীফ উদ্দিন (উপসহকারী পরিচালক) দুদক, সমন্বিত জেলা কার্যক্রম, পটুয়াখালীকে চাকরি থেকে অপসারণ করা হলো। তিনি বিধি মোতাবেক ৯০ দিনের বেতন এবং প্রযোজ্য সুযোগ-সুবিধা পাবেন।’
যদিও কোনো ধরনের কারণ দর্শানো ছাড়াই কর্মচারীকে চাকরি থেকে অপসারণের সুযোগসংবলিত দুদক কর্মচারী বিধিমালার ৫৪(২) বিধির বৈধতা চ্যালেঞ্জ করে এবং চাকরিতে পুনর্বহালের নির্দেশনা চেয়ে ২০২২ সালের ১৩ মার্চ হাইকোর্টে রিট করেন শরীফ উদ্দিন।
রিটের শুনানিতে আদালতে জানানো হয়, ৫৪(২) বিধির ক্ষমতাবলে দুদকের আরেক কর্মকর্তা মো. আহসান আলীকে চাকরিচ্যুতির ঘটনায় হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে দুদকের করা আপিল আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে। এর পরিপ্রেক্ষিতে ২০২২ সালের ২৫ মে হাইকোর্ট এক আদেশে ওই আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শরীফ উদ্দিনের রিটের শুনানি মুলতবি করেন।
এই আদেশ স্থগিত চেয়ে ২০২২ সালের ১৬ জুন আপিল বিভাগে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করেন শরীফ উদ্দিন।
মো. আহসান আলীর রিটের প্রেক্ষিতে ৫৪(২) বিধি বাতিল করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে দুদকের করা আপিলের সঙ্গে শরীফ উদ্দিনের লিভ টু আপিলও একসঙ্গে শুনানির জন্য ওঠে। ২০২৩ সালের ১৬ মার্চ আপিল বিভাগ দুদকের আপিল মঞ্জুর করে রায় দেন। এতে ৫৪(২) বিধি বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করা হয়। একই সঙ্গে শরীফ উদ্দিনের করা লিভ টু আপিলকে প্রয়োজনের অতিরিক্ত বলে উল্লেখ করা হয়।
২০২৩ সালের ২১ ডিসেম্বর আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। এতে দুদক কর্মচারী বিধিমালার ৫৪(২) বিধি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে প্রয়োগের নির্দেশনা দেওয়া হয়। এ ছাড়া বিধিটি প্রয়োগের ক্ষেত্রে দুদককে ১২ দফা পর্যবেক্ষণ ও গাইডলাইন অনুসরণের কথা বলা হয়।
জ্যেষ্ঠতাসহ পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের
আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর শরীফ উদ্দিনের করা রিটটি হাইকোর্টে শুনানির জন্য উপস্থাপন করা হয়। প্রাথমিক শুনানি শেষে ২০২৪ সালের ৬ ফেব্রুয়ারি হাইকোর্ট রুল জারি করেন।
চূড়ান্ত শুনানি শেষে গত বছরের ৯ জুলাই হাইকোর্ট রায় দেন। রায়ে শরীফ উদ্দিনকে চাকরিচ্যুতির ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারির আদেশ আইনগত কর্তৃত্ববহির্ভূত ও শুরু থেকে বাতিল ঘোষণা করা হয়।
একই সঙ্গে তাকে চাকরিতে জ্যেষ্ঠতা ও বকেয়া সব সুযোগ-সুবিধাসহ পুনর্বহালের নির্দেশ দেন আদালত। রায়ের অনুলিপি পাওয়ার ৩০ দিনের মধ্যে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়। এর মধ্য দিয়ে শরীফ উদ্দিনের চাকরিতে ফিরে আসার আইনি পথ তৈরি হয়।
দুদকের লিভ টু আপিল প্রত্যাহার
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে গত বছর আপিলের অনুমতি চেয়ে লিভ টু আপিল করে দুদক। তবে পরে সেই দেওয়ানি লিভ টু আপিল প্রত্যাহারের আবেদন করে সংস্থাটি।
এর প্রেক্ষিতে ১৫ অক্টোবর আপিল বিভাগের চেম্বার আদালত আদেশ দেন। আদেশে বলা হয়, দুদকের পক্ষে উপস্থিত আইনজীবী (অ্যাডভোকেট অন রেকর্ড) আদালতকে জানিয়েছেন, দেওয়ানি লিভ টু আপিলটি আর পরিচালনা না করার নির্দেশনা পেয়েছেন তিনি। তার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে ‘নট টু প্রসিড’ (না চালানোর) কারণে লিভ টু আপিলটি খারিজ করা হয়।
উল্লেখ্য, এরপর হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী শরীফ উদ্দিনকে জ্যেষ্ঠতা ও বকেয়া সব বেতন-ভাতাসহ চাকরিতে পুনর্বহালের সিদ্ধান্ত কার্যকর করল দুদক।
