টিফিন রান্নার লাকড়ির জন্য কাটা হলো পুরোনো বকুল গাছের ডালপালা

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬, ০১:৫২ পিএম

ছাত্রদের টিফিন রান্নার কাজে লাকড়ি হিসেবে ব্যবহারের জন্য বিদ্যালয়ের চত্বরে সড়কের দুই পাশে লাগানো পুরোনো বকুল গাছের ডালপালা কাটার অভিযোগ ওঠেছে। জামালপুর সদরের নান্দিনা মহারাণী হেমন্ত কুমারী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ ফারুকের বিরুদ্ধে এ অভিযোগ ওঠে।

শনিবার (১০ অক্টোবর) সকলে সরেজমিনে দেখা গেছে সদর উপজেলার নান্দিনা বকুতলায় নতুন পুরোনো ৮-১০টি গাছের ডালপালা কেটে ফেলা হয়েছে। শুক্রবার এসব গাছ কেটে ডাল সরিয়ে নেওয়া হয়।

বিদ্যালয়টির প্রাক্তন ছাত্র হাবিব বলেন, ‘এর আগে কোনোদিনই বকুল গাছ কাটতে দেখিনি। ঝড়ে কোনো গাছ উপড়ে না পরলে কেউ কোনো গাছ কাটেনি। হঠাৎ করেই বকুল গাছের বড় বড় ডালপালা কেটে নিচ্ছে স্কুল কর্তৃপক্ষ। এতে আমরা আশ্চর্য হয়েছি।’

লাকড়ি হিসেবে ব্যবহারের জন্য বকুল গাছ কাটার অভিযোগ স্বীকার করে বিদ্যালয়ের প্রধান শিক্ষিক আশরাফ ফারুক বলেন, ‘কোনো গাছ কাটা হয়নি, কিছু ডাল কাটা হয়েছে। বিদ্যালয়ের ছাত্রদের টিফিন রান্নার কাজে লাকড়ি হিসেবে ব্যবহার করা হবে ওগুলো।’

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা এবং আইসিটি) আফসানা তাসলিম বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখছি।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন