শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ধানকাটি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সালাহউদ্দিন আইয়ুবীকে সঙ্গে নিয়ে রিকশায় করে পূজামণ্ডপগুলো ঘুরে দেখেন তিনি।
শুক্রবার (৯ অক্টোবর) পরিদর্শনকালে পূজামণ্ডপগুলোর জন্য নগদ অর্থ ও চাল বিতরণ করেন হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
ধানকাটি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি পূজার সার্বিক পরিস্থিতি, নিরাপত্তাব্যবস্থা ও দর্শনার্থীদের নির্বিঘ্নে চলাচলের বিষয়ে খোঁজখবর নেন। এ সময় পূজামণ্ডপের আয়োজক ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং উৎসব শান্তিপূর্ণভাবে উদ্যাপনের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, ‘আপনারা দেখেছেন, রাজনৈতিক নেতৃবৃন্দ সাধারণত পূজার দিনই আসেন। কিন্তু এবার প্রধানমন্ত্রীর নির্দেশনায় পূজা যেন সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থাপনা নিশ্চিত করতে সব সংসদ সদস্যকে আগাম আসার নির্দেশ দেওয়া হয়েছে। সেই প্রেক্ষিতেই আমি আগাম এসেছি।’
তিনি বলেন, ‘মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা, দর্শনার্থীদের নির্বিঘ্নে চলাচলের ব্যবস্থা করা এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে। এ জন্য স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও পূজা উদ্যাপন কমিটির সদস্যদের সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে।’
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সালাহউদ্দিন আইয়ুবী, ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমসহ স্থানীয় বিএনপির নেতা কর্মী ও পূজামণ্ডপ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
