রাজধানীর বিভিন্ন এলাকায় কোরবানির পশুর বর্জ্য অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনের পর ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আরও ছয় কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (২৯ মে) রাতে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, দুই সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে ৪৮ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ময়লা-আবর্জনা পরিষ্কার, পানি নিষ্কাশনের স্থান পরিষ্কার ও ডেঙ্গু প্রতিরোধে ব্যবস্থা গ্রহণে ব্যর্থতার কারণে এ কর্মকর্তাদের প্রত্যাহার ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
প্রতিমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর এই নির্দেশনা কার্যকর করতে দ্রুত প্রক্রিয়া শুরুর কাজ করছি।
এর আগে, কোরবানির ঈদের দ্বিতীয় দিন শুক্রবার দুপুরে প্রধানমন্ত্রী নিজেই রাজধানীর বিভিন্ন এলাকার পরিস্থিতি পরিদর্শনে বের হন। গুলশানের বাসভবন থেকে যাত্রা শুরু করে তিনি রামপুরা, মালিবাগ, বাসাবো, কমলাপুর, সায়েদাবাদ, যাত্রাবাড়ী, ধোলাইখাল, নারিন্দা, বংশাল, গুলিস্তান, শাহবাগ, নিউমার্কেট, জিগাতলা, ধানমন্ডি, ফার্মগেট, বিজয় সরণি ও মহাখালীসহ বিভিন্ন এলাকার সড়ক ও পরিচ্ছন্নতা কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে দায়িত্বে অবহেলার অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. ছাদেকুর রহমান এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মোস্তানজিরকে প্রত্যাহারের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পরে তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয় এবং বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রী রাজধানীর বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং কোরবানির পশুবর্জ্য ব্যবস্থাপনা দেখতে বেরিয়েছিলেন। তিনি কয়েকটি স্থানে বর্জ্য অপসারণ না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন।
হাতিরপুল, এলিফ্যান্ট রোডে এবং গ্রিনরোড, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকায় রাস্তায় ময়লা জমে থাকায় দুই কর্মকর্তাকে প্রত্যাহারের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
মীর শাহে আলম বলেন, তাদের প্রত্যাহার করে তাৎক্ষণিকভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে এবং দায়িত্বে অবহেলার জন্য তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রাতে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ১ জুন মন্ত্রণালয়ের ২০ টিম তদন্তে মাঠে নামবে। তারা অতি দ্রুত প্রতিবেদন জমা দেবে এবং দায়িত্ব পালনে ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বলেন, ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে দেখার সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক মুহাম্মদ বেলায়েত হোসেন ও প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ অ্যাডভোকেট মেহেদুল ইসলাম গাড়িতে ছিলেন।
