তুষারের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে কুলগাঁওয়ে মানববন্ধন

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬, ১২:৪৪ পিএম

অটোরিকশাচালক আব্দুল নূর তুষারের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চট্টগ্রাম নগরের কুলগাঁওয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

শুক্রবার (৯ অক্টোবর) জুমার নামাজের পর নগরের বটতলী মাজার গেইট এলাকায় এ কর্মসূচি পালিত হয়। কুলগাঁও যুব ঐক্য পরিষদ ও ডোনেট লাইফের (ব্লাড গ্রুপ) উদ্যোগে আয়োজিত মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং তুষারের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে তুষারের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়ে বক্তব্য দেন রাব্বি, শাকিল, তানিম ও টিপু। এ সময় বক্তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। মানববন্ধনে ‘তুষার হত্যার বিচার চাই’ ও ‘হত্যাকারীর ফাঁসি চাই’ স্লোগানও দেন অংশগ্রহণকারীরা।

উল্লেখ্য, গত ১ অক্টোবর নগরের বায়েজিদ বোস্তামী থানার খন্দকিয়া-যুগীরহাট সংযোগ সড়ক এলাকা থেকে তুষারের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের তথ্য অনুযায়ী, ২৯ সেপ্টেম্বর রাত থেকে নিখোঁজ ছিলেন তিনি। তার মৃত্যুর কারণ জানতে এখনও তদন্ত করছে পুলিশ।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন