‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’ স্লোগান ধারণ করে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ধর্মীয় উসকানি দিয়ে দুর্গাপূজায় বাধা সৃষ্টি কিংবা সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলে সংশ্লিষ্টদের কঠোর হাতে দমন করা হবে।
শুক্রবার (৯ অক্টোবর) সকালে পঞ্চগড়ের বোদা উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জিআর চালের ডিও বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত করতে বদ্ধপরিকর। বিশেষ করে তার নির্বাচনী এলাকায় হিন্দু-মুসলিম সবাই সমান অধিকার নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করবেন। এর কোনো ব্যত্যয় হতে দেওয়া হবে না।
তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর, অসাম্প্রদায়িক ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণে সফল হব।’
দুর্গাপূজার নিরাপত্তা প্রসঙ্গে ফরহাদ হোসেন আজাদ বলেন, পূজা-অর্চনায় প্রতিবন্ধকতা সৃষ্টি কিংবা ধর্মীয় উসকানির মাধ্যমে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করলে তা কঠোর হাতে দমন করা হবে।
তিনি জানান, দুর্গাপূজা নির্বিঘ্নে ও নিরাপদে উদযাপনে প্রশাসনের পাশাপাশি বিএনপির পক্ষ থেকেও বোদা ও দেবীগঞ্জ উপজেলায় আট হাজার স্বেচ্ছাসেবীর সমন্বয়ে দল গঠন করা হয়েছে। এসব স্বেচ্ছাসেবী সনাতন ধর্মাবলম্বীদের পূজা উদযাপনে সার্বিক সহযোগিতা করবেন।
অনুষ্ঠানে বোদা উপজেলার ৯৬টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে প্রতিটি মণ্ডপের জন্য ৬০০ কেজি করে জিআর চালের ডিও তুলে দেন প্রতিমন্ত্রী।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ জিয়া, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক অন্নদা প্রসাদ, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা ওয়ালিফ মন্ডল, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতারা এবং পূজামণ্ডপ পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে দেবীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে পৃথক অনুষ্ঠানে উপজেলার ১১৭টি পূজামণ্ডপের প্রতিনিধিদের হাতেও প্রতিটি মণ্ডপের জন্য ৬০০ কেজি করে জিআর চালের ডিও বিতরণ করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী। এ সময় দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজিৎ সাহাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।
