‘স্কালোনেতা’-র কারিগরের জন্য এটি হতে যাচ্ছে আলবিসেলেস্তেদের ডাগআউটে তৃতীয় অধ্যায়, যেখানে তার সামনে হাতছানি দিচ্ছে আরও বড় সব মাইলফলক ছোঁয়ার। দীর্ঘদিনের প্রত্যাশিত এ সিদ্ধান্তটি আর্জেন্টিনা দলের নতুন অধ্যায়ের ভবিষ্যৎ কৌশল কেমন হবে তা জানতেও আগ্রহী কোটি কোটি আর্জেন্টাইন ভক্ত। তাই বস স্কালোনির আগামীর কৌশলে সামনে নতুন অধ্যায়ের ১০ প্রশ্নোত্তর নিয়ে এক প্রতিবেদন করেছে আর্জেন্টিনার জনপ্রিয় ক্রীড়া সংবাদমাধ্যম ‘ডায়রিও ওলে’।
মেসিকে ছাড়া দল কীভাবে খেলবে?
সর্বকালের সেরা ফুটবলারের বিদায় দলে এমন এক শূন্যতা তৈরি করবে, যা পূরণ করা মোটেও সহজ নয়। তবে চলতি চক্রেই চোটের কারণে ‘নাম্বার টেন’ যখন মাঠের বাইরে ছিলেন, তখন জাতীয় দল বারবার প্রমাণ করেছে যে নেতাকে ছাড়াও তারা জিততে জানে। নতুন পরিকল্পনায় দলের দায়িত্ব সবার মাঝে ভাগ করে দেওয়া হবে এবং দলগত খেলাকে আরো বেশি গুরুত্ব দেওয়া হবে। মাঝমাঠে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও এনজো ফার্নান্দেজের আধিপত্য থাকবে, সঙ্গে নিজেকে আরও প্রতিষ্ঠিত করবেন তরুণ নিকো পাজ। আর আক্রমণভাগে মূল ভরসা হিসেবে জুটি বাঁধবেন হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজ।
দলের নতুন নেতা কারা?
লিওনেল মেসি, নিকোলাস ওতামেন্দি ও ডি মারিয়ার বিদায়ের পর নতুন অধিনায়কদের নাম চূড়ান্ত করে ফেলেছেন কোচ। আর্মব্যান্ড পরার দায়িত্ব পেয়েছেন ক্রিস্টিয়ান ‘কুটি’ রোমেরো, লাউতারো মার্তিনেজ এবং এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজ। তবে এই তিন অধিনায়কের পাশাপাশি ড্রেসিংরুমে অপরিহার্য নেতা হিসেবে থাকবেন লিসান্দ্রো মার্তিনেজ, তালিয়াফিকো, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং হুলিয়ান আলভারেজ।
নতুন প্রজন্মের কারা থাকছেন স্কোয়াডে?
তরুণ তুর্কি নিকো পাজের নেতৃত্বাধীন নতুন এই প্রজন্মে জায়গা করে নিয়েছেন মাস্তানতুয়োনো, আগুস্তিন গিয়া, মাতিয়াস সুলে, ভ্যালেন্টিন বার্কো এবং জিয়ানলুকা প্রেসতিয়ান্নি। পাশাপাশি দলের ভারসাম্য ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন মাঝবয়সী কয়েকজন পরীক্ষিত ফুটবলার।
তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন এক্সেকিয়েল পালাসিওস, ফাকুন্দো মেদিনা, ফ্লাকো লোপেজ, বালের্দি, নিকো গঞ্জালেজ এবং থিয়াগো আলমাদা।
আগামীর গুরুত্বপূর্ণ সূচি কী?
নভেম্বরের দুটি ম্যাচ শেষে আগামী বছরের মার্চে ফিফা আন্তর্জাতিক বিরতিতে আবারও একত্রিত হবে আর্জেন্টিনা দল। এরপর জুনে খেলবে বেশ কিছু প্রীতি ম্যাচ। ফিফা এখনো আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও ২০২৭ সালের সেপ্টেম্বরে শুরু হতে যাচ্ছে পরবর্তী বিশ্বকাপ বাছাইপর্ব। ২০৩০ বিশ্বকাপের অন্যতম স্বাগতিক হিসেবে আর্জেন্টিনা এরই মধ্যে সরাসরি খেলার টিকিট পেলেও তারা এই বাছাইপর্বে অংশ নেবে। এরপর ২০২৮ সালের জুলাইয়ে অনুষ্ঠিত হবে কোপা আমেরিকা (সম্ভাব্য ভেন্যু আবারও যুক্তরাষ্ট্র), যা ২০৩০ সালের জুনের বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতির মঞ্চ তৈরি করবে।
কোচিং স্টাফদের ভবিষ্যৎ কী?
স্কালোনি চান তার পুরো কোচিং স্টাফই যেন সঙ্গে থাকেন। তবে সহকারী কোচ ওয়াল্টার স্যামুয়েলকে নিয়ে কিছুটা দুশ্চিন্তা রয়েছে। ‘এল মুরো’ (দ্য ওয়াল) খ্যাত এই সাবেক ডিফেন্ডার ডিসেম্বরে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর আর না থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে তাকে থেকে যাওয়ার জন্য বোঝানোর জোর চেষ্টা চলছে। এ ছাড়া পাবলো আইমার, রবার্তো আয়ালা, মার্তিন তোকাল্লি, মাতিয়াস মান্না, ফিটনেস কোচ লুইস মার্তিন এবং সহকারী ফিটনেস কোচ হুয়ান তামোনের থেকে যাওয়া ইতিমধ্যে নিশ্চিত হয়েছে।
নতুন অধ্যায়ে কোন রেকর্ড ভাঙার হাতছানি?
২০১৮ সালের ৮ সেপ্টেম্বর গুয়াতেমালার বিপক্ষে ৩-০ গোলের জয় দিয়ে যাত্রা শুরু করা স্কালোনি এখন পর্যন্ত ১০৭টি ম্যাচে আর্জেন্টিনাকে কোচিং করিয়েছেন। এর মধ্যে জয় এসেছে ৮৩টিতে, ড্র ১৪টি এবং হার মাত্র ১০টি। আর্জেন্টিনার ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচে কোচিং করানোর তালিকায় তিনি এখন দ্বিতীয় স্থানে আছেন। তার সামনে আছেন কেবল কিংবদন্তি গিয়ের্মো স্তাবিলে, যিনি ১৯৪০ থেকে ১৯৬০ সাল পর্যন্ত ১২৪টি ম্যাচে দল সামলেছিলেন (যদিও বিশ্বকাপ খেলেছিলেন মাত্র একটি, ১৯৫৮ সালে)। ২০ বছরের সেই দীর্ঘ অধ্যায়ে স্তাবিলে জিতেছিলেন রেকর্ড সাতটি শিরোপা (ছয়টি কোপা আমেরিকা ও একটি প্যান আমেরিকান গেমস)। তৃতীয় ধাপে স্তাবিলের ম্যাচের সংখ্যা ছাড়িয়ে যাওয়ার দারুণ সুযোগ থাকছে স্কালোনির সামনে।
বিশ্বকাপ ফাইনাল থেকে এখন পর্যন্ত কীভাবে বদলাল সিদ্ধান্ত?
স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালের হারের পর আর্জেন্টাইন সংবাদমাধ্যম ওলে-কে স্কালোনি বলেছিলেন, ‘ডিসেম্বরের পর থাকব কি না জানি না।’ সেই মন্তব্যের পর থেকে এএফএ সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে নতুন চুক্তির ছবি তোলার আগ পর্যন্ত প্রায় চার মাস সময় পেরিয়ে গেছে। মূলত তৃতীয় বিশ্বকাপ চক্রটি জাতীয় দলের জন্য কতটা ইতিবাচক হতে পারে, তা অনুধাবন করতেই এই সময়টুকু নিয়েছিলেন তিনি। স্পেনের মায়োর্কায় পরিবারের সাথে নিভৃত আলোচনার পর তার এই সিদ্ধান্ত পরিপক্ব হয় এবং মেসির বিদায়ি ফিফা উইন্ডোতে এসে তা চূড়ান্ত রূপ নেয়।
স্কালোনির অধীনে এখন পর্যন্ত কতজনের অভিষেক হয়েছে?
২০১৮ সালের সেপ্টেম্বরে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত মোট ৭৩ জন নতুন খেলোয়াড়কে জাতীয় দলের জার্সিতে অভিষেক করিয়েছেন স্কালোনি। সর্বশেষ ফিফা আন্তর্জাতিক বিরতির তিনটি ম্যাচে তিনি প্রথমবারের মতো বড় সুযোগ দিয়েছেন রোমান ভেগা, এক্সেকিয়েল ফার্নান্দেজ, সান্তিয়াগো সিমন, লিওনেল ফ্লোরেস, ভ্যালেন্টিন গোমেজ, তোমাস পালাসিওস, মাতিয়াস সুলে এবং সান্তিয়াগো কাস্ত্রোকে।
সামনে অভিষেকের অপেক্ষায় কারা?
বর্তমান স্কোয়াডে এমন দুজন তরুণ ফুটবলার আছেন, যারা এখনো মাঠে নামার সুযোগ পাননি। ডিফেন্ডার মারিয়ানো ত্রোইলো এর আগেও জাতীয় দলে ডাক পেয়েছিলেন, তবে অভিষেক হয়নি। এ ছাড়া বড় সুযোগের অপেক্ষায় আছেন বোকা জুনিয়র্স থেকে উঠে আসা এবং বর্তমানে ইংলিশ ক্লাব চেলসিতে খেলা তরুণ প্রতিভা অ্যারন আনসেলমিনো।
আনুষ্ঠানিক ঘোষণা আসছে কবে?
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) পরিকল্পনা অনুযায়ী, উরুগুয়ের বিপক্ষে ম্যাচের আগের সংবাদ সম্মেলনে চুক্তি নবায়নের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হতে পারে। মৌখিকভাবে সবকিছু ইতোমধ্যে চূড়ান্ত হয়ে গেছে, বাকি আছে কেবল সামান্য কিছু কাগজপত্রের আনুষ্ঠানিকতা। আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই সেগুলো সম্পন্ন করে সভাপতি ক্লদিও তাপিয়া এবং কোচ স্কালোনি যৌথ বিবৃতি দেবেন, যার অপেক্ষায় প্রহর গুনছে পুরো ফুটবল বিশ্ব।
