আবারও আইপিএল নিলামে মুস্তাফিজ, বাংলাদেশ থেকে আরও যারা নাম দিলেন

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ০৭:১২ এএম

আইপিএলের সবশেষ আসরে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স। দুই দেশের রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই বিসিসিআইয়ের নির্দেশে টাইগার পেসারকে স্কোয়াড থেকে সরিয়ে দেয় কলকাতা।

যার সূত্র ধরেই দুই দেশের সম্পর্কে উত্তাপ আরও বেড়েছিল। বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধ এবং ভারতের মাটিতে বাংলাদেশিদের নিরাপত্তা শঙ্কা প্রকাশ করে দেশটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে দল পাঠায়নি তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার।

শোনা যাচ্ছে, আগামী আসরের জন্য আগ্রহ প্রকাশ করেছেন মুস্তাফিজ। এরই মধ্যে আসন্ন মিনি নিলামে নাম জমা দিয়েছেন তিনি। আগামী ১৬ ডিসেম্বর ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে পরবর্তী আইপিএলের মিনি নিলাম। সেই নিলামকে সামনে রেখে বাংলাদেশি ক্রিকেটারদের তালিকা চেয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড।

মুস্তাফিজ ছাড়াও বাংলাদেশের আরও কয়েকজন ক্রিকেটার আইপিএলের নিলামে আগ্রহ দেখিয়েছেন। এর মধ্যে হাসান মাহমুদ, রিশাদ হোসেন ও নাহিদ রানার মতো ক্রিকেটাররা ছাড়াও আরও বেশ কয়েকজন ক্রিকেটার নাম জমা দিয়েছেন।

আগামী আসরের নিলামে অংশ নিতে বাংলাদেশ থেকে সর্বোচ্চ ১৩ জন ক্রিকেটার নিবন্ধনের সুযোগ পাবেন। আইপিএলের গত আসরের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের সাতজন ক্রিকেটার থাকলেও দল পেয়েছিলেন কেবল মুস্তাফিজুর রহমান। 

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন