জাতীয় সংসদে কৃষিমন্ত্রীর বক্তব্য চলাকালে বিরোধী জোটের সংসদ সদস্যদের হৈচৈ থামাতে গিয়ে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এ সময় সংসদ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ‘এভাবে হৈচৈ করে নিজেদের পাঠশালার ছাত্রছাত্রী বানাব কেন? প্লিজ ধৈর্যের সঙ্গে বসেন, উনার উত্তর শোনেন।’
বুধবার (১১ নভেম্বর) বিকালে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে এ ঘটনা ঘটে। সারের ডিলার নিয়োগ নিয়ে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের বক্তব্যের সময় সংসদে হৈচৈ শুরু হলে ডেপুটি স্পিকার এ আহ্বান জানান।
সংসদ সদস্য মো. নুরুল আমীনের লিখিত প্রশ্নের পর সম্পূরক প্রশ্ন করেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। সারের ডিলার নিয়োগে সংসদ সদস্যদের আত্মীয়স্বজনদের ডিলারশিপ দেওয়া এবং এ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে তিনি কৃষিমন্ত্রীর কাছে ব্যাখ্যা চান।
জবাবে কৃষিমন্ত্রী জানান, সারের ডিলার নিয়োগের জন্য উপজেলা ও জেলা পর্যায়ে দুটি কমিটি গঠন করা হয়েছে। উপজেলা পর্যায়ের কমিটির নেতৃত্বে রয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জেলা পর্যায়ের কমিটির নেতৃত্বে জেলা প্রশাসক (ডিসি)। এসব কমিটি আবেদন যাচাই-বাছাই করে তিনজনের নাম ক্রমানুসারে মন্ত্রণালয়ে পাঠায়। মন্ত্রণালয় প্রথম স্থানে থাকা ব্যক্তিকে ডিলার হিসেবে ঘোষণা করে।
মন্ত্রীর বক্তব্যের একপর্যায়ে সংসদে ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা হৈচৈ শুরু করেন। পরিস্থিতির মধ্যে কৃষিমন্ত্রী বলেন, তিনি নতুন মন্ত্রী। বক্তব্য দেওয়ার সময় পাশে কথা বলা হলে তার অসুবিধা হয়। মন্ত্রীর জবাব অপছন্দ হলে পরে আরেকটি প্রশ্ন করার সুযোগ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় ডেপুটি স্পিকার কায়সার কামাল বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলামের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, সংসদ সদস্যদের কথা বলার অধিকার রয়েছে, একই সঙ্গে জবাব দেওয়ারও অধিকার রয়েছে। পাশাপাশি বিরোধী দলের সদস্যদের সংসদে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।
পরবর্তীকালে সংসদ সদস্যদের উদ্দেশে ডেপুটি স্পিকার বলেন, ‘মাননীয় সদস্য, মন্ত্রী সাহেব একটু থামেন। সদস্য, আপনারা সবাই বসেন। সবাই বসেন প্লিজ। সদস্য প্রশ্ন করেছেন, মাননীয় মন্ত্রী উত্তর দিচ্ছেন। উনার উত্তরে সন্তুষ্ট না হলে আমরা আরও একটা প্রশ্ন নেব। কিন্তু এভাবে হৈচৈ করে নিজেদের পাঠশালার ছাত্রছাত্রী বানাব কেন? প্লিজ ধৈর্যের সঙ্গে বসেন, উনার উত্তর শোনেন। মাননীয় মন্ত্রী, আর এদিকে এভাবে দাঁড়াবেন না প্লিজ।’
ডেপুটি স্পিকারের আহ্বানের পর কৃষিমন্ত্রী তার বক্তব্য অব্যাহত রাখেন। এ সময় তিনি জানান, জেলা পর্যায়ের কমিটির সব সদস্যের স্বাক্ষরসহ সারের ডিলার নিয়োগের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
