ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুইদিন পর স্কুলশিক্ষার্থী নিশাতের (৬) বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের মোহনপুর গ্রামে বাড়ির পার্শ্ববর্তী একটি খোলা জায়গা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত নিশাত মোহনপুর গ্রামের সৌদি প্রবাসী আবু সাদেক মিয়ার মেয়ে ও স্থানীয় একটি কিন্ডারগার্টেনের শিক্ষার্থী। এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ, ডিবি, র্যাব ও পিবিআই এর সদস্যরা।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, গত ১৫ এপ্রিল দুপুরে নিশাত চিপস কেনার কথা বলে ঘর থেকে বেরিয়ে যায়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় সদর থানায় একটি জিডিও করা হয়। কিন্তু তার সন্ধান পাওয়া যায়নি। পরে আজ শুক্রবার দুপুরে স্থানীয় এক যুবক মোরগ ধরতে গিয়ে নিশাতের বাড়ির অদূরে একটি বস্তার ভেতর মরদেহ দেখতে পায়। বিষয়টি নিশাতের পরিবারকে জানানো হলে তারা ঘটস্থলে এসে পরনের পরিহিত পোশাক দেখে তার মরদেহ সনাক্ত করে।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এদিকে স্থানীয়রা নির্মম ও রহস্যজনকে হত্যাকাণ্ডের রহস্য উৎঘাটন করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
