ভালুকায় অধিক দামে জ্বালানি তেল বিক্রি, ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ১২:১৫ এএম

সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রির দায়ে ময়মনসিংহের ভালুকায় একটি ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৭ এপ্রিল) রাতে উপজেলার হবিরবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফিরোজ হোসেন।

জানা যায়, সাধারণ ক্রেতাদের অভিযোগের ভিত্তিতে হবিরবাড়ী কোকাকোলা কারখানা সংলগ্ন এলাকায় অবস্থিত মেসার্স সাহনূর সরকার ফিলিং স্টেশন-এ অভিযান চালানো হয়। অভিযানে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে জ্বালানি তেল বিক্রির সত্যতা পাওয়া গেলে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে সরকারি নির্ধারিত মূল্য তালিকা অনুসরণসহ সকল নিয়মনীতি যথাযথভাবে মেনে চলার নির্দেশনা দেওয়া হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফিরোজ হোসেন বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখা অত্যন্ত জরুরি। কিছু অসাধু ব্যবসায়ী নির্ধারিত দামের চেয়ে বেশি টাকা নিয়ে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলছে। অভিযোগের সত্যতা পাওয়ায় আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে। তিনি আরও জানান, জনস্বার্থে প্রশাসনের এ ধরনের তদারকি ও বাজার মনিটরিং কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর