নিরাপদে কর্মস্থলে ফেরা নিশ্চিত করতে মাঠে কাজ করছে সরকার

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৩১ মে ২০২৬, ০৮:২০ পিএম

ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে মাঠপর্যায়ে কাজ করছে সরকার। এ লক্ষে দেশের গুরুত্বপূর্ণ নৌঘাট ও নদীবন্দরগুলোতে সরেজমিন পরিদর্শন এবং তদারকি কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।

রবিবার (৩১ মে) বিকালে ভোলার ইলিশা লঞ্চঘাট আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নৌপ্রতিমন্ত্রী বলেন, দেশের যেসব নৌপথে যাত্রী চলাচল বেশি, সেসব স্থানে সরকার বিশেষ নজরদারি অব্যাহত রেখেছে। চাঁদপুর, বরিশাল, মজুচৌধুরীঘাট, ইলিশা ও হাতিয়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘাট পরিদর্শন করে যাত্রীসেবা, নিরাপত্তা ব্যবস্থা এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

তিনি বলেন, মানুষকে নিরাপদে বাড়িতে পৌঁছে দেওয়া যেমন আমাদের দায়িত্ব ছিল, তেমনি ছুটি শেষে নিরাপদে কর্মস্থলে ফিরিয়ে নেওয়াও আমাদের দায়িত্ব। আগামীকাল থেকে যাত্রীরা যাতে নির্বিঘ্নে ঢাকাসহ বিভিন্ন কর্মস্থলে পৌঁছাতে পারেন, সে লক্ষে আমরা কাজ করছি। ঘাট পরিদর্শনের সময় যেসব ছোটখাটো ত্রুটি ও সীমাবদ্ধতা চোখে পড়ছে, তা দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, সরকার নৌপথে যাত্রীসেবার মান উন্নয়ন, নিরাপত্তা জোরদার এবং শৃঙ্খলা প্রতিষ্ঠায় ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। একই সঙ্গে ভোলার ইলিশা নদীবন্দরকে একটি আধুনিক ও দৃষ্টিনন্দন নদীবন্দর হিসেবে গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে।

অবৈধ নৌযান নিয়ন্ত্রণের বিষয়ে তিনি জানান, সারা দেশে নৌযান শুমারির মাধ্যমে রেজিস্ট্রেশনবিহীন নৌযান চিহ্নিত করা হচ্ছে। শুমারি সম্পন্ন হলে সব নৌযানকে নিবন্ধনের আওতায় আনা হবে, ফলে অবৈধ নৌযানের কার্যক্রম অনেকাংশে নিয়ন্ত্রণে আসবে। এছাড়া যেসব নৌরুটে যাত্রীর চাপ বেশি, সেখানে সরকারি ও বেসরকারি উদ্যোগে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত জাহাজ সংযুক্ত করার বিষয়টিও বিবেচনায় রয়েছে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার এবং বিআইডব্লিউটিএ চেয়ারম্যান আরিফ আহমেদ মোস্তফাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নৌপথে যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করতে সরকারের এ তৎপরতা চলমান থাকবে বলেও জানান নৌপরিবহন প্রতিমন্ত্রী।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর