দেশে গত পাঁচ অর্থবছরে ইলিশের উৎপাদন কমেছে প্রায় ২৬ শতাংশ। ২০২১-২২ অর্থবছরে ইলিশের উৎপাদন ছিল ৫ লাখ ৬৬ হাজার ৫৯৩ টন। ২০২৫-২৬ অর্থবছরে তা কমে দাঁড়িয়েছে ৪ লাখ ১৯ হাজার ৫০০ টনে। উৎপাদন বাড়াতে ৬টি ইলিশ অভয়াশ্রম ঘোষণা, জেলেদের খাদ্যসহায়তা ও বিকল্প কর্মসংস্থানের উদ্যোগসহ নানা পদক্ষেপ নিয়েছে সরকার। তবে মাছের খুচরা বাজারমূল্য নির্ধারণে মৎস্য অধিদপ্তরের সরাসরি ভূমিকা নেই। উৎপাদন ও সরবরাহের সঙ্গে খুচরা বাজারমূল্যের সম্পর্ক নিরূপণে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রশ্নোত্তরে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এসব তথ্য জানান।
পাবনা-৫ আসনের সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাসের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দেশের মোট মাছ উৎপাদনের প্রায় ১০ শতাংশ আসে ইলিশ থেকে। একক প্রজাতি হিসেবে মাছ উৎপাদনে ইলিশের অবদান সর্বোচ্চ। উৎপাদন বাড়াতে ছয়টি অভয়াশ্রম ইলিশের উৎপাদন বৃদ্ধি ও টেকসই উৎপাদন নিশ্চিত করতে মেঘনার ঊর্ধ্বাঞ্চল ও নিম্ন অববাহিকা, পদ্মা, কালাবদর, আন্ধারমানিক ও তেঁতুলিয়াসহ অন্যান্য উপকূলীয় নদীতে মোট ছয়টি ইলিশ অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে বলে জানান মন্ত্রী।
তিনি বলেন, মা ইলিশ আহরণ নিষিদ্ধ ২২ দিন সময়ে ছয় লাখ ২০ হাজার জেলে পরিবারকে ২৫ কেজি করে মোট ১৫ হাজার ৫০৪ মেট্রিক টন খাদ্যসহায়তা দেওয়া হয়েছে। জাটকা আহরণ থেকে বিরত থাকা জেলেদের জন্য ২০২৫-২৬ অর্থবছরে চার মাসে তিন লাখ ৬৭ হাজার পরিবারকে ভিজিএফ কর্মসূচির আওতায় মাসে ৪০ কেজি করে মোট ৫৮ হাজার ৭২০ মেট্রিক টন খাদ্যসহায়তা দেওয়া হয়েছে। এ ছাড়া ২০২৫-২৬ অর্থবছরে ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন উপকূলীয় এলাকায় মাছ আহরণ বন্ধকালীন ১৪ জেলার ৬৯টি উপজেলার ৩ লাখ ১১ হাজার ৫০০ জেলে পরিবারকে মাসে ৪০ কেজি হারে মোট ২৪ হাজার ১৬৫ দশমিক ৬৩ মেট্রিক টন চাল দেওয়া হয়েছে।
মন্ত্রী আরও জানান, ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা’ প্রকল্পের আওতায় জাটকা আহরণ নিষিদ্ধ ও মা ইলিশ সংরক্ষণকালীন সময়ে জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে ২৬ হাজার ১৭৬টি জেলে পরিবারকে বকনা বাছুর দেওয়া হয়েছে। পাশাপাশি ১৭ হাজার ৫০০ ইলিশ আহরণকারী জেলেকে আয়বৃদ্ধিমূলক বিষয়ে কারিগরি প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ভবিষ্যতেও ইলিশের উৎপাদন বাড়াতে বিভিন্ন কর্মসূচি নেওয়া হবে।
সংরক্ষিত মহিলা আসন-৪০-এর সংসদ সদস্য মোসা. নাজমুন নাহারের প্রশ্নের জবাবে মন্ত্রী গত পাঁচ অর্থবছরে ইলিশের উৎপাদনের তথ্য তুলে ধরেন। তথ্য অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরে ইলিশের উৎপাদন ছিল ৫ লাখ ৬৬ হাজার ৫৯৩ টন। ২০২২-২৩ অর্থবছরে তা বেড়ে ৫ লাখ ৭১ হাজার ৩৪২ টনে দাঁড়ায়। পরবর্তী দুই অর্থবছরে উৎপাদন কমে ২০২৩-২৪ সালে ৫ লাখ ২৯ হাজার ৪৮৭ টন এবং ২০২৪-২৫ সালে ৫ লাখ ২ হাজার ৪৪৪ টন হয়। সর্বশেষ ২০২৫-২৬ অর্থবছরে উৎপাদন ৪ লাখ ১৯ হাজার ৫০০ টন প্রাক্কলন করা হয়েছে।
ইলিশের উৎপাদন ও সরবরাহের সঙ্গে খুচরা বাজারমূল্যের সম্পর্ক নিরূপণে মন্ত্রণালয়ের নেওয়া ব্যবস্থা সম্পর্কে মন্ত্রী বলেন, মাছের খুচরা বাজারমূল্য তার প্রাচুর্যের ওপর নির্ভরশীল। আড়তে নিলামের মাধ্যমে মাছের দাম নির্ধারিত হয়। মুক্তবাজার ব্যবস্থায় মাছের দাম নির্ধারণে মৎস্য অধিদপ্তরের সরাসরি হস্তক্ষেপের সুযোগ নেই। তবে উৎপাদন ও সরবরাহের সঙ্গে খুচরা বাজারমূল্যের সম্পর্ক নিরূপণে নিয়মিত বাজার মনিটরিং করা হয়।
দেশের বাইরে ইলিশ পাচার রোধে স্থানীয় প্রশাসন ও বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযানের মাধ্যমে তদারকি করা হচ্ছে বলেও জানান মন্ত্রী।
