ভূমধ্যসাগরের কোলঘেঁষা তুরস্কের ঐতিহাসিক শহর আনতালিয়া। যা সবুজেঘেরা প্রাচীন রোমান-ওটোমান স্থাপত্যের ঐতিহ্যের সাক্ষ্য হয়ে আছে। আনতালিয়া তুর্কিতে (তুরস্ক) এর পর্যটন রাজধানী হিসেবে পরিচিত। বিশ্বজুড়ে পরিবেশ সুরক্ষার আওয়াজ তোলা প্রাণবন্ত মানুষদের পদচারণায় মুখরিত পর্যটন নগরী আনতালিয়া। জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ-৩১) উপলক্ষে শহরটিতে বসেছে বিশ্বের খ্যাতনামা জলবায়ু বিজ্ঞানী, নীতি নির্ধারক, তরুণ পরিবেশকর্মী এবং তৃণমূল আন্দোলনকারীদের অভূতপূর্ব এক মহামিলনমেলা।
ম্যাক্স রয়েল হোটেলের আলো ঝলমলে কূটনৈতিক সভাকক্ষ থেকে শুরু করে আনতালিয়ার রাজপথ-সবখানেই এখন একটাই সুর, ‘পৃথিবী বাঁচাও, জলবায়ু বিচার নিশ্চিত করো’। জলবায়ু পরিবর্তনের চরম ঝুঁকি মোকাবিলায় বিশ্বনেতাদের প্রতি কার্যকরী পদক্ষেপের তাগিদ দিতে আনতালিয়া আজ রূপ নিয়েছে পরিবেশ অনুরাগী ও অধিকারকর্মীদের এক বৈশ্বিক রাজধানীতে।
গত সোমবার (৯ নভেম্বর) থেকে এই শহরের ট্রেড সেন্টারে (আনতালিয়া এক্সপো সেন্টার) শুরু হয়েছে জাতিসংঘের জলবায়ু সংক্রান্ত ৩১তম সম্মেলন। বাংলাদেশসহ বিশ্বের ১৯০ টি দেশের রাষ্ট্র প্রধান, নীতিনির্ধারক, গবেষক ও প্রতিনিধিরা এই সম্মেলনে যোগ দিচ্ছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল যোগ দিতে মঙ্গলবার আনতালিয়ায় পৌঁছেছেন।
এবারের সম্মেলনের আলোচ্য বিষয় হচ্ছে- জলবায়ু অর্থায়ন, অভিযোজন (অ্যাডাপটেশন), গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ হ্রাস, ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং বৈশ্বিক জলবায়ু সহযোগিতা জোরদার।
গতকাল মঙ্গলবার আনতালিয়ার এক্সপো সেন্টারে স্থানীয় সময় সকাল ১১টায় কপ-৩১ এর উদ্বোধন হয়। স্বাগতিক দেশ তুর্কির আয়োজনের এই সম্মেলনে সভাপতিত্ব করছেন সম্মেলনের সভাপতি তুর্কিতে পরিবেশ, নগরায়ণ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মুরাত কুরুম। সম্মেলনে আলোচনা পর্বে সভাপতিত্ব করবেন অস্ট্রেলিয়ার ক্রিস্টোফার আইলন গাই বোয়েন( ক্রিস বোয়েন)। ১১ দিনব্যাপী এই সম্মেলনে শেষ হবে ২০ নভেম্বর।
বিশ্ববাসীর দৃষ্টি এখন আনতালিয়ায়
সবুজে গাছ-গাছালিতে ঘেরা আনতালিয়া শহর, শীতের আবরণে চমৎকার আবহাওয়া, ভূমধ্যসাগরীয় উপকূলের নীল সমুদ্র সৈকত। এই শহরে এখন জাতিসংঘের সদস্যভুক্ত দেশসমূহের সরকার প্রধান, কয়েক হাজার পরিবেশ কর্মীর সমাবেশ। শুরু হয়েছে জলবায়ু সংক্রান্ত পরিবেশ সম্মেলন।
মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে সম্মেলনস্থল গিয়ে দেখা গেছে, বিভিন্ন দেশের পরিবেশ কর্মী, সংবাদ কর্মী, বেসরকারি সংস্থার কর্মীদের উপস্থিতি।
নেদারল্যান্ড থেকে আসা এনভায়রনমেন্ট অ্যাক্টিভিস্ট রিচার্ড জুলিয়াস বলেন, কী চমৎকার শহর। মন জুড়ে যায়। আমি কপ-৩১ যোগ দিতে এসেছি। সম্মেলনের আজকে আলোচনায় ছিলো জলবায়ু পরিবর্তন ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহযোগিতা করা যায়?
যে কারণে সম্মেলন স্থল আনতালিয়ায়
তুর্কির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভূমধ্যসাগরের তীরে ‘আনতালিয়া’ শহর। ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্যের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে শহরটির ভৌগোলিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক বিমানবন্দর, উন্নত যোগাযোগব্যবস্থা, পর্যাপ্ত হোটেল এবং বড় পরিসরের সম্মেলন আয়োজনের সুবিধা থাকায় শহরটি আন্তর্জাতিক আয়োজনের জন্য উপযুক্ত।
তুরস্কের ইস্তাম্বুলের সাবানচি ইউনিভার্সিটির শিক্ষার্থী পাকিস্তানি নাগরিক শাহবাজ খান বলেন, ইস্তাম্বুলে আবহাওয়া সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি, কন কনে শীত। গত বছর এই সময়ে কিন্তু এমন আবহাওয়া ছিলোনা। এর কারণ কী? বৈশ্বিক জলবায়ু পরিবর্তন হচ্ছে। এবারে তুরস্কের আনতালিয়া সম্মেলনের দিকে আমাদের সবার দৃষ্টি। উন্নত দেশগুলো এ ব্যাপারে কী ভূমিকা নেয়, কোনো কোনো বিষয়ে ঐকমত্য হয় সেটাই দেখার অপেক্ষা আমাদের। কারণ বিগত কপ সম্মেলনে আলাপ-আলোচনা অনেক হয়েছে কিন্তু কোনো ফলাফল আসেনি।
আনতালিয়াকে কেনো সম্মেলনের স্থান হিসেবে বেছে নেওয়া হয়েছে এমন প্রশ্নের জবাবে ছিলো শাহবাজ বলেন, এই ক্ষেত্রে আমার বিশ্লেষণ বলেন, ব্যাখ্যা বলেন আন্তালিয়াকে বেছে নেওয়ার অন্যতম কারণ হচ্ছে, শহরটির ভৌগোলিক অবস্থান। এই শহরটি ‘সভ্যতা ও সংস্কৃতির সেতু’ হিসেবে কাজ করে যা জলবায়ু সংক্রান্ত কূটনৈতিক প্রতিশ্রুতি এবং মাঠ পর্যায়ের বাস্তবায়নের মধ্যকার দূরত্ব ঘোচাতে আদর্শ স্থান। ইস্তাম্বুলের আন্তর্জাতিক বিমান বন্দরের সম্মেলনে যোগ দিতে আসা ইতালির মিজ সোনারীও বলেন, ভূমধ্যসাগরীয় অঞ্চলের এই শহরটি নিজেই জলবায়ু পরিবর্তনের বাস্তব চ্যালেঞ্জ যেমন, তীব্র পানির সংকট, তাপমাত্রা বৃদ্ধি এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির মতো ঝুঁকির মুখোমুখি। ফলে জলবায়ু সংকটের বাস্তব চিত্র আলোচনার টেবিলে এনে এর একটি সমাধানের পথ উন্মুক্ত করা এবারের আলোচনার প্রধান লক্ষ্য হওয়া উচিত বলে আমি মনে করি।
সম্মেলনস্থলে বাংলাদেশসহ ১৯৩টি দেশের প্যাভিলিয়ন রয়েছে। রয়েছে বিভিন্ন পরিবেশ সম্পর্কিত বিভিন্ন দেশের বেসরকারি সংস্থা ও প্রতিষ্ঠান।
জাতিসংঘের জলবায়ু সংক্রান্ত সম্মেলন বা কপ (সিওপি), এর পূর্ণ রূপ হচ্ছে, কনফারেন্স অব দ্য পার্টিস। কপের সদস্যদেশগুলো ১৯৯২ সালে ‘দ্য ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ (ইউএনএফসিসিসি) চুক্তি সই করে। বিশ্বব্যাপী জলবায়ু ব্যবস্থাকে মানুষের বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ তৎপরতা থকে রক্ষাই এর লক্ষ্য। এই লক্ষ্য বাস্তবায়নে ১৯৯৫ সালে জার্মানির বার্লিনে কপের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনেতা, প্রতিনিধি ও পরিবেশবিদরা এই সম্মেলনে মিলিত হন বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন মোকাবিলা, গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ কমানো, এবং জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতির মোকাবিলায় অনুদান বা অর্থায়ন নিয়ে আলোচনা করতে।
আনতালিয়া বিমান বন্দর থেকে আনতালিয়ার জলবায়ু সম্মেলনের দূরত্ব ২০ কিলো মিটার। বিমান বন্দর থেকে পুরো সড়কে ‘ওয়েলকাম আনতালিয়া’ লেখা বিলবোর্ড। তুরস্কের পতাকাসহ বিভিন্ন দেশের পতাকা দিয়ে পুরো সম্মেলন স্থল বর্ণিলভাবে সাজানো হয়েছে।
বাংলাদেশ ক্লাইমেট অ্যাকশন অ্যান্ড জাস্টিস ফাউন্ডেশনের চেয়ারম্যান আরিফুজ্জামান মামুন বলেন, এবারের সম্মেলন থেকে বাংলাদেশ ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য জলবায়ু অর্থায়ন প্রত্যাশা করে। এখন আর প্রতিশ্রুত নয়, এবার বাস্তবায়ন চাইবে বাংলাদেশ।
বিশাল মিডিয়া সেন্টারসহ রয়েছে গণমাধ্যম কর্মীদের জন্য সর্বাধিক সুযোগ-সুবিধা। পুরো সম্মেলন স্থলে রয়েছে ফ্রি-ওয়াইফাই সুবিধা। প্রতিদিন ফ্রি সরবরাহ করা হয় চকলেট, পানি, ও ড্রিংকস এবং আপেলসহ বিভিন্ন ফল-ফলাদি সম্মেলনে আগতদের জন্য।
সম্মেলনের প্রধান কর্মসূচি
বুধবার ও বৃহস্পতিবার ‘ওয়ার্ল্ড লিডারস ক্লাইমেট অ্যাকশন সামিট’ অনুষ্ঠিত হবে। সকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এই সম্মেলনে যোগ দেবেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ওয়ার্ল্ড লিডারস ক্লাইমেট অ্যাকশন সামিট’ এ অংশ গ্রহণের পাশাপাশি সাইড লাইনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজসহ বিভিন্ন সরকার ও রাষ্ট্র প্রধানের সাথে সাক্ষাতের কর্মসূচি রয়েছে।
উল্লেখ্য যে, তুরস্কের আন্তালিয়ায় সোমবার শুরু হয়েছে জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন (কপ৩১)। জলবায়ু অর্থায়ন, কার্বন নিঃসরণ কমানো এবং বৈশ্বিক উষ্ণতা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার লক্ষ্য নিয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দেন তুরস্কের পরিবেশমন্ত্রী মুরাত কুরুম, অস্ট্রেলিয়ার জলবায়ু পরিবর্তন ও জ্বালানিমন্ত্রী ক্রিস বোয়েন এবং জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রধান সাইমন স্টিয়েল। এবারের সম্মেলনের আয়োজক ও আলোচনার নেতৃত্বের দায়িত্ব ভাগ করে নিয়েছে তুরস্ক ও অস্ট্রেলিয়া। আয়োজক দেশ হিসেবে তুরস্কের পরিবেশমন্ত্রী মুরাত কুরুম সম্মেলনের সভাপতিত্ব করছেন।
অন্যদিকে, আনুষ্ঠানিক আলোচনার নেতৃত্ব দিচ্ছে অস্ট্রেলিয়া। স্বেচ্ছামূলক জলবায়ু উদ্যোগগুলোর সমন্বয় করছে তুরস্ক। দুই দেশের মধ্যে সমঝোতার ভিত্তিতে এই ব্যতিক্রমী ব্যবস্থা করা হয়েছে। সম্মেলন চলবে ২০ নভেম্বর পর্যন্ত।
