জুলাই যোদ্ধার স্বীকৃতি পেতে আবেদন করতে পারবেন আহতরা

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ০১:৪১ এএম

জুলাই গণঅভ্যুত্থানে আহত হয়েও যারা এখনো জুলাই যোদ্ধা হিসেবে গেজেটভুক্ত হননি, তাদের আবেদন করার সুযোগ দিয়েছে সরকার। জাতীয় পরিচয়পত্র বা জন্মসনদ, স্থায়ী ও বর্তমান ঠিকানা এবং আহত হওয়ার উপযুক্ত প্রমাণক দিয়ে আবেদন করতে পারবেন তারা।

মঙ্গলবার (১০ নভেম্বর) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়ে আহত হয়ে চিকিৎসা নিয়েছেন অথবা এখনো চিকিৎসাধীন আছেন, কিন্তু জুলাই যোদ্ধা হিসেবে গেজেটভুক্ত হননি-এমন ব্যক্তিরা আবেদন করতে পারবেন।

আহত ব্যক্তিরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয় এবং জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরে আবেদন জমা দিতে পারবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দেওয়া আবেদনগুলো বিশেষ দূতের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরে পাঠানো নিশ্চিত করতে হবে।

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, জমা পড়া আবেদন যাচাই-বাছাই করে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ৮৪২ জনের পাশাপাশি তিন ক্যাটাগরিতে মোট ১৪ হাজার ৩৬৮ জন আহত জুলাই যোদ্ধার নামে গেজেট প্রকাশ করা হয়েছে। এর মধ্যে ক্যাটাগরি ‘ক’-তে ৯৯০ জন, ‘খ’-তে ১ হাজার ৪১৪ জন এবং ‘গ’-তে ১১ হাজার ৯৬৪ জন রয়েছেন।

এ ছাড়া উপজেলা ও জেলা পর্যায়ে আহত ৯৩১ জনের আবেদন অনিষ্পন্ন অবস্থায় রয়েছে। গত অন্তর্বর্তীকালীন সরকারের শেষ কর্মদিবস ১০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে নতুন করে শহিদ ও জুলাই যোদ্ধাদের অন্তর্ভুক্তির আবেদন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মন্ত্রণালয়ে না পাঠাতে জেলা প্রশাসকদের চিঠি দেওয়া হয়েছিল। ফলে নতুন আবেদন গ্রহণ ও পাঠানোর কার্যক্রম বন্ধ ছিল।

বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর আহত ব্যক্তিদের গেজেটভুক্তির আবেদন করার সুযোগ দিতে এ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হলো।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন