১২ দলীয় জোটের প্রধান, মুখপাত্র ও সমন্বয়ককে অবগত না করে এবং সংশ্লিষ্ট শরিক দলগুলোর সঙ্গে কোনো ধরনের আলোচনা, পরামর্শ ও সমন্বয় ছাড়াই সম্প্রতি প্রকাশিত একটি কমিটির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও অনাস্থা প্রকাশ করেছেন জোটের দুই শরিক দলের শীর্ষ নেতারা। তারা বলেছেন, জোটের প্রধান, মুখপাত্র ও সমন্বয়কের অনুপস্থিতিতে এবং শরিক দলগুলোর মতামত ও ঐকমত্য ছাড়া কোনো গুরুত্বপূর্ণ সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার কারও নেই। এ ধরনের একতরফা সিদ্ধান্ত ১২ দলীয় জোটের সাংগঠনিক শৃঙ্খলা, ঐক্য ও পারস্পরিক সমন্বয়ের পরিপন্থি।
মঙ্গলবার (১০ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে প্রতিবাদ জানিয়ে নয়াগণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান মাস্টার এমএ মান্নান এবং ইউনাইটেড লিবারেল পার্টির চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম এসব কথা বলেন।
বিবৃতিতে নেতারা বলেন, আমাদের দৃষ্টিতে প্রয়োজনীয় আলোচনা ও সাংগঠনিক সমন্বয় ছাড়া প্রকাশিত এই কমিটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং ১২ দলীয় জোটের সর্বসম্মত সিদ্ধান্তের প্রতিফলন নয়। জোটের গুরুত্বপূর্ণ সাংগঠনিক সিদ্ধান্ত কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর একতরফা সিদ্ধান্তে চাপিয়ে দেওয়ার এখতিয়ার কারও নেই।
তারা বলেন, ১২ দলীয় জোট পারস্পরিক আস্থা, আলোচনা, ঐকমত্য, সমন্বয় ও অংশীদারিত্বের ভিত্তিতে পরিচালিত একটি রাজনৈতিক জোট। আমরা মনে করি, জোটের প্রধান, মুখপাত্র, সমন্বয়ক এবং সংশ্লিষ্ট শরিক দলগুলোর মতামত উপেক্ষা করে কোনো কমিটি গঠন বা প্রকাশ করা হলে তা জোটের ঐক্য ও সাংগঠনিক শৃঙ্খলার পরিপন্থি।
সুতরাং আলোচনা, সমন্বয় ও ঐকমত্য ছাড়া প্রকাশিত কমিটির সঙ্গে আমরা কোনোভাবেই একমত নই এবং এর প্রতি আমাদের কোনো সমর্থন নেই। আমরা এই কমিটিকে ১২ দলীয় জোটের বৈধ, সর্বসম্মত বা গ্রহণযোগ্য কমিটি হিসেবে স্বীকৃতি দিচ্ছি না।
আমরা জোটের প্রতিষ্ঠালগ্ন থেকে চলে আসা ধারাবাহিকতা, ঐক্য ও পারস্পরিক সমন্বয়ের প্রতি অবিচল থেকে ১২ দলীয় জোটের মুখপাত্র জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ড. গোলাম মহিউদ্দিন ইকরাম এবং জোটের সমন্বয়ক বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মো. শামসুদ্দিন পারভেজের প্রতি আমাদের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেন তারা।
তাদের ভাষ্যমতে, আমাদের সুস্পষ্ট বক্তব্য- ১২ দলীয় জোট কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর ব্যক্তিগত সম্পত্তি নয়; এটি সমমর্যাদার অংশীদার রাজনৈতিক দলগুলোর সম্মিলিত ঐক্যের একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম। একতরফাভাবে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা আমরা মেনে নেব না। জোটের ঐক্য, মর্যাদা, সাংগঠনিক শৃঙ্খলা ও রাজনৈতিক ধারাবাহিকতার স্বার্থে এ ধরনের একতরফা সিদ্ধান্ত শিগগিরই প্রত্যাহার করে সব শরিক দলের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানান তারা।
