পাঁচ বছরে ৩ লাখ বৃক্ষরোপণ করবে ডিএসসিসি: আব্দুস সালাম

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ০৭:৩১ পিএম

আগামী পাঁচ বছরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আওতাধীন এলাকায় তিন লাখ বৃক্ষরোপণ করা হবে বলে জানিয়েছেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম।

আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

সৃজনী বাংলাদেশ’র সহায়তায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রশাসক বলেন, জীবন বাঁচাতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। এজন্য প্রধানমন্ত্রীর দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচিকে একটি জনআন্দোলনে রূপান্তর করতে হবে।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে ২০২৬ থেকে ২০৩০ মেয়াদে মোট ৩ লাখ গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে প্রতি বছর গড়ে ৬০ হাজার গাছ রোপণ করা হবে। এই বিশাল লক্ষ্যমাত্রা অর্জনে ডিএসসিসি নিজস্ব ব্যবস্থাপনায় একটি আধুনিক নার্সারি স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে। এ ছাড়া বন অধিদপ্তরের সঙ্গে সম্পাদিত চুক্তির আওতায় ‘জিরো সয়েল’ প্রকল্প বাস্তবায়ন করা হবে। এর ফলে রাস্তার মিডিয়ান ও আইল্যান্ডগুলো ঘাস এবং গাছের মাধ্যমে সবুজে ঢেকে দেওয়া সম্ভব হবে।

জনসচেতনতার গুরুত্ব উল্লেখ করে প্রশাসক বলেন, নাগরিকরা সচেতন হলে সিটি কর্পোরেশনের ৫০ শতাংশ কাজ সহজ হয়ে যায়। বাকি ৫০ শতাংশ কাজ আমরা সম্পন্ন করব। সকলের সম্মিলিত প্রচেষ্টায় প্রধানমন্ত্রীর ‘গ্রীন সিটি, ক্লিন সিটি’ রূপকল্প বাস্তবায়ন করা সম্ভব হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. ওবায়দুল ইসলাম। 

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর