পায়ে হেঁটে রাজনৈতিক কার্যালয়ে গেলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২২ মে ২০২৬, ০৬:৪৪ পিএম

শুক্রবার (২২ মে) বাদ আসর পায়ে হেঁটে রাজধানীর গুলশানে দলীয় কার্যালয়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

আতিকুর রহমান রুমন জানান, ছুটির দিনে দলের কার্যালয়ে এসেছেন প্রধানমন্ত্রী। সারাদেশের সিটি করপোরেশনের প্রশাসক ও মেয়রদের একটি অনুষ্ঠানে যোগ দিতেই তার এ আগমন।

তিনি আরও বলেন, ঈদুল আজহা উপলক্ষে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ উপহারের চেক প্রশাসকদের কাছে দিতেই এই অনুষ্ঠানের আয়োজন।

প্রসঙ্গত, গত ঈদুল ফিতরের আগেও সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে ঈদ উপহার দিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সে সময়ের মতো আজও মেয়র ও প্রশাসকদের মাধ্যমে পরিচ্ছন্নতা কর্মীদের হাতে সেই চেক পৌঁছে দেবেন তিনি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব।

প্রধানমন্ত্রীর পায়ে হেঁটে কার্যালয়ে আসা এবং ছুটির দিনেও কর্মীদের কথা ভাবাকে সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীরা আন্তরিক ও প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে অভিহিত করছেন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর