‘পুলক চ্যাটার্জির পরিবারের দায়িত্ব সমকালের মালিক পক্ষের নেওয়া উচিত’

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ পিএম

প্রয়াত সাংবাদিক পুলক চ্যাটার্জির পরিবারের ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিতে সকল দায়িত্ব ‘সমকাল’ পত্রিকার মালিক পক্ষের গ্রহণ করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। 

রোববার (২০ সেপ্টেম্বর) বরিশাল নগরীতে তার বাসভবনে স্ত্রী-সন্তানের সাথে সাক্ষাৎকালে সমবেদনা জ্ঞাপন করে তিনি এ মন্তব্য করেন।

তার পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সমকালের মালিকপক্ষের প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার উচিত।’

আবু নাসের রহমাতুল্লাহ বলেন, ‘দীর্ঘদিন ধরে সাংবাদিক পুলক চ্যাটার্জি বেতন-ভাতা ও পাওনা অর্থ থেকে বঞ্চিত ছিলেন বলে পরিবারের পক্ষ থেকে ও আত্নহত্যার আগে লিখে যাওয়া চিরকুট থেকে যে বিষয়গুলো উঠে এসেছে, তা অত্যন্ত দুঃখজনক। জীবদ্দশায় তার পাওনাগুলো পরিশোধ করা হলে এবং প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হলে এমন নির্মম পরিণতি হয়তো এড়ানো সম্ভব হতো।’

তিনি বলেন, ‘পুলক চ্যাটার্জি তার কর্মজীবনে দীর্ঘদিন দায়িত্ব পালন করেও পাওনা অর্থের বিষয়ে প্রকাশ্যে কোনো প্রতিবাদ করেননি। তার মৃত্যুর পর বিষয়টি সামনে এসেছে। জীবদ্দশায় তিনি যে আর্থিক সংকটের মধ্য দিয়ে গেছেন, সে সময় প্রয়োজনীয় সহযোগিতা পেলে পরিস্থিতি ভিন্ন হতে পারতো।’

পুলক চ্যাটার্জির মৃত্যু শুধু তার পরিবারের জন্য নয়, দেশের গণমাধ্যমকর্মীদের জন্যও একটি গভীর বেদনার ঘটনা বলে মন্তব্য করেন রহমাতুল্লাহ। তার ভাষ্যমতে, তার মৃত্যুর পর সমকাল থেকে পাওনা যে অর্থ দেওয়া হয়েছে, সেটি যদি জীবদ্দশায় প্রয়োজনের সময়ে দেওয়া হতো, তাহলে হয়তো তাকে এমন কঠিন সিদ্ধান্ত নিতে হতো না বলেও মনে করেন তিনি। 

তিনি বলেন, ‘বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানসহ অনেক প্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারীরা চাকরিচ্যুত হওয়ার পরও তাদের বেতন-ভাতা ও অন্যান্য পাওনা যথাসময়ে পরিশোধ না করার অভিযোগ রয়েছে। এ ধরনের পরিস্থিতি পরিবর্তনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর আরও দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন।’

এসময় আরও উপস্থিত ছিলেন প্রয়াত সাংবাদিক পুলক চ্যাটার্জির স্ত্রী-সন্তান ও অন্যান্য স্বজনসহ সিনিয়র সাংবাদিক আকতার ফারুক শাহীন, বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারিক সুলাইমান এবং নগর স্বাধীনতা ফোরাম মহানগরের সদস্য সচিব নাজমুস সাকিব প্রমুখ।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন