প্রধানমন্ত্রী সকাল ১১টায় সিনহার জানাজায় অংশ নেবেন 

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৭ মে ২০২৬, ০৮:৩৮ এএম

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও মুন্সীগঞ্জ বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহার জানাজায় অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (১৭ মে) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল ১১টায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

শনিবার (১৬ মে) জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ বিভাগের পরিচালক সাইদুজ্জামান সাঈদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার জানাজা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে এবং এতে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশগ্রহণ করবেন।

এর আগে মিজানুর রহমান সিনহার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এক শোকবার্তায় তিনি বলেন, দেশের রাজনীতি ও স্বাস্থ্য খাতে মিজানুর রহমান সিনহার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।

প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

মিজানুর রহমান সিনহা শনিবার ভোরে সিঙ্গাপুরের একটি হাসপাতালে ৮২ বছর বয়সে ইন্তেকাল করেন। দীর্ঘদিন ধরে তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ নোভেনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এর আগে তার মেয়ে তাসনিম সিনহা সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, বাংলাদেশ সময় ভোর ২টা ৪৭ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মিজানুর রহমান সিনহা বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক কোষাধ্যক্ষ ছিলেন। তিনি ১৯৯৬ সালের সপ্তম এবং ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-২ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন