ফরিদপুরে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে নারীসহ আহত ৪

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬, ০৭:১৮ এএম

ফরিদপুরের চরভদ্রাসনে একটি মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ চারজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের লোহারটেক এলাকায় ফরিদপুর-চরভদ্রাসন প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- চরভদ্রাসন সদর ইউনিয়নের উত্তর আলমনগর গ্রামের আসাদ সিকদারের ছেলে লিমন (২২), একই গ্রামের রাজ্জাক সিকদারের ছেলে আরিফ (১৫), কেএম ডাঙ্গী গ্রামের শেখ ইউসুফের ছেলে আসাদ (৩০) এবং ফরিদপুরের কানাইপুর ইউনিয়নের বাসিন্দা সুবর্ণা আক্তার (৩২)।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে লোহারটেক এলাকায় একটি বেপরোয়া গতির মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা ও মোটরসাইকেলের আরোহীরা সড়কে ছিটকে পড়েন। দুর্ঘটনার খবর পেয়ে চরভদ্রাসন ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে চারজনকে উদ্ধার করেন। পরে তাদের আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

চরভদ্রাসন ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. মোর্তুজা ফকির জানান, সকাল সাড়ে ৮টার দিকে ফায়ার স্টেশন থেকে অল্প কিছু দূরে দুর্ঘটনার খবর পেয়ে আমাদের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সংঘর্ষে তিনজন পুরুষ ও একজন নারী গুরুতর আঘাত পান। তাদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অটোরিকশায় থাকা অপর দুই যাত্রী অক্ষত ছিলেন।  

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর