বাংলাদেশ-জিম্বাবুয়েকে হারানোর পুরস্কার হাতে-নাতেই পেল আফগানিস্তান

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬, ০৪:০১ এএম

শিরোপা জয়ের আনন্দের সঙ্গে ওয়ানডে র‍্যাঙ্কিংয়েও সুখবর পেল আফগানিস্তান। আইসিসির সর্বশেষ হালনাগাদে ইংল্যান্ডকে পেছনে ফেলে সাত নম্বরে জায়গা করে নিয়েছে দলটি। দুই ধাপ পিছিয়ে ইংলিশদের অবস্থান এখন আটে।

শুক্রবার শারজায় জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হয় আফগানিস্তান। এই সাফল্যের প্রভাব পড়েছে র‍্যাঙ্কিংয়ে। আফগানদের উত্থানের পাশাপাশি শ্রীলঙ্কাও এগিয়েছে এক ধাপ। দলটি এখন ছয় নম্বরে।

র‍্যাঙ্কিংয়ের এই পালাবদলে বড় ভূমিকা রেখেছে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে আয়োজিত দুটি ত্রিদেশীয় সিরিজ। পাকিস্তানের মাটিতে স্বাগতিকদের কাছে হারের পর বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষেও হেরে যায় ইংল্যান্ড। রাওয়ালপিন্ডিতে ৪২৯ রান তুলেও ম্যাচ জিততে পারেনি হ্যারি ব্রুকের দল। সেই জয়ে শ্রীলঙ্কার অবস্থানের উন্নতি হয়েছে।

তিন দলের পয়েন্টের ব্যবধান অবশ্য খুবই সামান্য। দুই ধাপ পিছিয়ে আটে নেমে যাওয়া ইংল্যান্ডের সংগ্রহ ৯৩ রেটিং পয়েন্ট। আফগানিস্তানের নামের পাশে শোভা পাচ্ছে ৯৪ রেটিং পয়েন্ট। অন্যদিকে ছয়ে উঠা শ্রীলঙ্কার ঝুলিতে আছে ৯৫ রেটিং পয়েন্ট।

ফাইনালে আফগানিস্তানের কাছে হারলেও জিম্বাবুয়ের রেটিং পয়েন্ট বেড়েছে দুই। ৬৩ পয়েন্ট নিয়ে দলটি এখন ১১ নম্বরে আছে আফ্রিকান দলটি। বাংলাদেশের চিত্র অবশ্য ভিন্ন। ত্রিদেশীয় সিরিজে দুই ম্যাচ খেলেই দুটিতে হেরেছে দলটি। এর প্রভাবে রেটিং থেকে দুই পয়েন্ট হারিয়েছে বাংলাদেশ। ৮১ পয়েন্ট নিয়ে নবম স্থানেই আছে তারা।

সেরা পাঁচের দলগুলোর অবস্থান অপরিবর্তিত আছে। শীর্ষে থাকা ভারতের সংগ্রহ ১১৫ রেটিং পয়েন্ট। নিউজিল্যান্ডের পয়েন্ট ১০৯। দক্ষিণ আফ্রিকা ১০৪, পাকিস্তান ১০৩ এবং অস্ট্রেলিয়া ১০২ পয়েন্ট নিয়ে পরের তিনটি অবস্থানে রয়েছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন