সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করতোয়া নদীতে বাইচ চলাকালে দুই নৌকার মাঝিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন এবং একটি নৌকা তলিয়ে যায়।
মঙ্গলবার (৬ অক্টোবর) উপজেলার সলপ ইউনিয়নের সোনতলা এলাকায় করতোয়া নদীতে বাইচ চলাকালে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোনতলা ঘাটে পানসি নৌকাবাইচের আয়োজন করা হয়। ঐতিহ্যবাহী এই নৌকাবাইচ দেখতে নদীর দুই পাড়ে বিপুল মানুষ উপস্থিত হন। বাইচ চলার একপর্যায়ে সোনতলা সোনাবাজু একতা এক্সপ্রেস ও বংকিরাট নবশক্তি ফাইটার নামের দুটি নৌকা পাশাপাশি চলে আসে। এ সময় ধাক্কা লেগে দুটি নৌকাই তলিয়ে যায়। একপর্যায়ে প্রতিযোগী দুই নৌকার বাইছালদের মধ্যে কথাকাটাকাটির পর উভয়পক্ষ সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের প্রায় ১০ জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এ বিষয়ে আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, প্রতিযোগিতার উত্তেজনা থেকেই দুই নৌকার বাইছালদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, দুই নৌকার মধ্যে সংঘর্ষের এক পর্যায়ে দুটি নৌকাই তলিয়ে যায়। এর মধ্যে একটি নৌকা উদ্ধার হয়েছে। অপর নৌকা এখনো ডুবে রয়েছে। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে। আহতদের মধ্যে একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
