ওয়ানডে ক্রিকেটে আরও একবার ইতিহাসের পাতায় নিজের নাম নতুন করে লিখলেন বিরাট কোহলি। রান তাড়া করার ক্ষেত্রে স্বদেশী কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে পেছনে ফেলে নতুন বিশ্ব রেকর্ড গড়লেন এই ভারতীয় ব্যাটার। আজ বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে ৭৪ রানের দুরন্ত ইনিংস খেলার পথে এই কীর্তি গড়েন তিনি।
ম্যাচে কোহলির গুরুত্বপূর্ণ ইনিংসের সৌজন্যে ৫ উইকেটে জয় তুলে নেয় ভারত। সেইসঙ্গে রান তাড়া করতে নেমে ওয়ানডেতে কোহলির মোট রান পৌঁছে যায় ৮,৭৪১-এ। এতদিন এই রেকর্ডের মালিক ছিলেন শচীন টেন্ডুলকার। ভারতীয় ক্রিকেট ঈশ্বরের সংগ্রহে ছিল ৮,৭২০ রান।
পরিসংখ্যানের নিরিখেও কোহলির এই কীর্তি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। মাত্র ১৮০টি ম্যাচের ১৬৯টি ইনিংসে এই রান করেছেন তিনি। অন্যদিকে, শচীন ২৪২টি ম্যাচের ২৩২টি ইনিংসে ৮,৭২০ রান করেছিলেন।
রান তাড়া করার ক্ষেত্রে কোহলির ব্যাটিং গড় ৬৬.২১, যেখানে শচীনের গড় ৪২.৩৩। এই পরিস্থিতিতে কোহলি ৩০টি শতরান ও ৪৬টি অর্ধশতরান করেছেন। শচীনের রয়েছে ১৭টি শতরান ও ৫২টি অর্ধশতরান। স্ট্রাইক রেটেও এগিয়ে কোহলি। তার স্ট্রাইক রেট ৯৫.০৩, যেখানে শচীনের ৮৮.৪৪।
চাপের মুখে ঠান্ডা মাথায় ব্যাটিং, ইনিংসের গতি নিয়ন্ত্রণ এবং দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেওয়ার দক্ষতার জন্য বরাবরই পরিচিত কোহলি। রান তাড়া করার ক্ষেত্রে তার এই নতুন রেকর্ড আরও একবার প্রমাণ করল, ওয়ানডে ক্রিকেটে তিনিই চেজমাস্টার।
কোহলি মানেই বিরাট সব রেকর্ড। ওয়ানডেতে তিন নম্বরে ব্যাট করে এদিন তিনি পূর্ণ করেছেন ১৩ হাজার রানের অবিস্বরণীয় মাইফলকও। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে এই পজিশনে ব্যাট করে প্রথম এই মাইলফলক ছুঁলেন কোহলি।
চলতি বছর একদিনের ক্রিকেটে দুর্দান্ত ছন্দে রয়েছেন কোহলি। নিউজিল্যান্ড সিরিজ শুরুর আগে ৯টি ওয়ানডে ইনিংসে তার সংগ্রহ ৫৫২ রান। গড় ৬৯। এর মধ্যে রয়েছে দুটি শতরান এবং তিনটি অর্ধশতরান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮৮ বলে অপরাজিত ১৩৯ রান ছিল সর্বোচ্চ। নতুন এই মাইলফলক আরও একবার প্রমাণ করল, একদিনের ক্রিকেটে তিন নম্বরে বিরাট কোহলির আধিপত্য এখনও অটুট।
