‘বারবার শুধু আমার ওপরই? কেন? কেন?’ সাঈদ খোকনের পুরোনো বক্তব্য ফের ভাইরাল

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৩২ PM

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা সাঈদ খোকন গ্রেপ্তারের পর নতুন করে আলোচনায় এসেছে ২০২১ সালে দেওয়া তার একটি বক্তব্য। তৎকালীন মেয়র শেখ ফজলে নূর তাপসের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, ‘বারবার শুধু আমার উপরই? কেন? কেন?’ মেয়র পদে মনোনয়ন না পাওয়া থেকে শুরু করে ব্যাংক হিসাব অবরুদ্ধ, ডেঙ্গু পরিস্থিতি নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য এবং দুর্নীতির অভিযোগ- বিভিন্ন সময়ে নানা ঘটনায় আলোচনায় ছিলেন এই সাবেক মেয়র।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীর বারিধারা থেকে গ্রেপ্তার হয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য সাঈদ খোকন। মঙ্গলবার (১৭ নভেম্বর) তাকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

২০১৫ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়েছিলেন সাঈদ খোকন। তবে দ্বিতীয় মেয়াদে মেয়র পদে দলীয় মনোনয়ন না পাওয়ায় ক্ষুব্ধ ছিলেন তিনি। পরবর্তী সময়ে ২০২০ সালে মেয়র নির্বাচিত শেখ ফজলে নূর তাপসের সঙ্গে তার প্রকাশ্য বিরোধ দেখা দেয়। সেই বিরোধের ধারাবাহিকতায় বিভিন্ন সময়ে দুজনের বক্তব্য ও পাল্টাপাল্টি অভিযোগ সংবাদমাধ্যমে আলোচনার জন্ম দেয়।

‘বারবার শুধু আমার উপরই? কেন? কেন?’

২০২১ সালে সাঈদ খোকনের প্রতিষ্ঠানসহ তার স্ত্রী, মা ও বোনের আটটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেন আদালত। এ সিদ্ধান্তের প্রতিক্রিয়া জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তৎকালীন মেয়র শেখ ফজলে নূর তাপসের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন সাঈদ খোকন।

ওই সংবাদ সম্মেলনে উত্তেজিত কণ্ঠে তিনি বলেন, ‘আপনার ব্যর্থতার দায় ঢাকার জন্য আর মানুষ পান নাই? বারবার শুধু আমার উপরই? কেন? কেন? রক্ত দিয়েছে আমার বাবা। জীবন দিয়েছি আমরা। এই সংগঠনের জন্য। এই শহরের মানুষের জন্য। এই দেশের মানুষের জন্য। অপমান হওয়ার জন্য? আইনি মোকাবিলা করব। সাথে সাথে ঢাকাবাসীকে নিয়ে প্রয়োজন হলে আরেকবার সংগ্রাম হবে।’

এ সময় তিনি ঢাকা শহরের বিভিন্ন স্থানে চাঁদা আদায়ের অভিযোগও করেন। সাঈদ খোকন বলেন, ‘আজকে এই শহরে মোড়ে মোড়ে একটা ব্যাগ নিলে চাঁদা তোলা শুরু করে। একটা স্লিপ দিয়ে দেয়। দেয় কি দেয় না বলেন?’

তার এ প্রশ্নের পর সংবাদ সম্মেলনে উপস্থিত অনেকে ‘দেয়’ বলে চিৎকার করে ওঠেন। উপস্থিত ব্যক্তিদের কথার রেশ ধরে তিনি আরও বলেন, ‘আমি কী বলব? আরে মানুষের কথা শোনেন। আমি লক্ষ লক্ষ ব্যানার, ফেস্টুন ফেলে দিয়েছিলাম। পরিষ্কার করেছি। আজ সিটি করপোরেশন তার নিজের নামে ব্যানার ফেস্টুন লাগায়।’

ডেঙ্গু পরিস্থিতি নিয়েও তাপসের সঙ্গে বিরোধ

ডেঙ্গু পরিস্থিতি নিয়েও একসময় সাঈদ খোকন ও শেখ ফজলে নূর তাপসের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য দেখা যায়।

২০১৯ সালে দেশে প্রথমবারের মতো এক লাখ ডেঙ্গু রোগী শনাক্ত হওয়ার সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ছিলেন সাঈদ খোকন। অন্যদিকে, ২০২৩ সালে দেশে তিন লাখের বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হওয়ার বছরে মেয়রের দায়িত্বে ছিলেন শেখ ফজলে নূর তাপস।

এ প্রসঙ্গে ২০২৪ সালের মে মাসে তাপস দাবি করেন, ২০১৯ সালের তুলনায় ২০২৩ সালে ঢাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা কমেছে।

এর পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের নিয়ে মিট দ্য প্রেসের আয়োজন করেন সাঈদ খোকন। সেখানে তিনি বলেন, “বর্তমান কর্তৃপক্ষ জানিয়েছেন, ২০১৯ এর তুলনায় ২০২৩ সালে ডেঙ্গু রোগীর সংখ্যা ৪১ হাজার কম। আমি ভদ্রতার জন্য কারও নাম উল্লেখ করছি না। তবে এ ধরনের অপপ্রচার করা হলে আমি কষ্ট পাই, ব্যথিত হই।”

তাপসের নাম সরাসরি উল্লেখ না করলেও তাকে উদ্দেশ করে বক্তব্য দেন খোকন। তিনি বলেন, ‘আমরা একে অপরকে দোষারোপ না করি।’

আত্মগোপনে থাকা অবস্থায় একের পর এক মামলা ও অভিযোগ

সাঈদ খোকন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

বিশেষ করে দুর্নীতি, অর্থপাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা ও অনুসন্ধান চলছে। ২০২৫ সালের ১৩ নভেম্বর সাঈদ খোকন, তার বোন শাহানা হানিফ এবং এক কর্মচারীর বিরুদ্ধে ৫৪ কোটি টাকা অর্থপাচারের অভিযোগে মামলার অনুমোদন দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মেয়র ও সংসদ সদস্য থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে দেশে-বিদেশে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগেও তার বিরুদ্ধে অনুসন্ধান ও মামলা হয়েছে। এ ছাড়া ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ড ও সহিংসতার ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা একাধিক মামলায় তাকে আসামি করা হয়েছে।

দুর্নীতির অভিযোগের তদন্তের অংশ হিসেবে ২০২৪ সালের ২৩ ডিসেম্বর আদালত সাঈদ খোকন ও তার পরিবারের কয়েকজন সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন। পরবর্তী সময়ে ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি আদালত তার ও পরিবারের সদস্যদের নামে থাকা ৭৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন।

এ ছাড়া ২০২৫ সালের ২৬ ফেব্রুয়ারি দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত সাঈদ খোকন, তার স্ত্রী ফারহানা সাঈদ ও মা শাহানা হানিফের নামে থাকা তিনটি পারপিচ্যুয়াল বন্ডে ৯০ কোটি টাকার বিনিয়োগ অবরুদ্ধ করেন। একই সঙ্গে গুলশানের ১৪ তলা ভবন, বনানীর দুটি বাড়ি এবং বারিধারার জমি ও বাড়ি জব্দের আদেশ দেওয়া হয়।

সাঈদ খোকন ও তার পরিবারের বিরুদ্ধে প্রায় ২৯৭ কোটি টাকা কর ফাঁকির অভিযোগও রয়েছে। এর মধ্যে শুধু সাঈদ খোকনের বিরুদ্ধে এককভাবে কর ফাঁকির অভিযোগের পরিমাণ ৯৪ কোটি ২০ লাখ টাকা।

সব মিলিয়ে মেয়র থাকাকালে রাজনৈতিক বিরোধ, ডেঙ্গু পরিস্থিতি নিয়ে বক্তব্য এবং পরবর্তী সময়ে দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগ- বিভিন্ন ঘটনায় বারবার আলোচনায় এসেছেন সাঈদ খোকন। এবার গ্রেপ্তারের পর পুরোনো সেই সংবাদ সম্মেলনের ‘বারবার শুধু আমার উপরই? কেন? কেন?’ বক্তব্যটি আবারও সামনে এসেছে।