জগন্নাথ হলে সরস্বতী পূজার প্রতিমা নির্মাণ নিয়ে বিরোধিতা, ধর্মীয় অবমাননার অভিযোগে প্রতিবাদ

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ০৫:২২ PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে সরস্বতী পূজার প্রতিমা নির্মাণের বিরোধিতা এবং সনাতন ধর্মাবলম্বীদের পূজনীয় ‘৩৩ কোটি’ (প্রকৃতপক্ষে হবে ৩৩ প্রকার) দেবতাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অত্যন্ত কুরুচিপূর্ণ ও অবমাননাকর মন্তব্যের অভিযোগে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হিন্দু সম্মিলন সংঘ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী অসাম্প্রদায়িক ও মানবাধিকারভিত্তিক সংগঠন বাংলাদেশ হিন্দু সম্মিলন সংঘ (পূর্বনাম বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট) বিবৃতির মাধ্যমে প্রতিবাদটি জানায়।

বিবৃতিতে সংগঠনটি জানায়, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর বিরুদ্ধে জগন্নাথ হলের সরস্বতী পূজার প্রতিমা নির্মাণের বিরোধিতা এবং সনাতন ধর্মাবলম্বীদের পূজনীয় দেবতাদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ ও অবমাননাকর মন্তব্য করার অভিযোগ উঠেছে। এ ধরনের মন্তব্য সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে বলে মনে করে সংগঠনটি।

বিবৃতিতে বলা হয়, শুধু তাই নয়, এই বিরোধিতার জেরে সনাতন ধর্মাবলম্বী হিন্দুদের আরাধ্য ‘৩৩ প্রকার’ বৈদিক সংস্কৃতে তেত্রিশ কোটি প্রকৃতপক্ষে ৩৩ প্রকার) দেবতাকে বিকৃত ও অবমাননাকর ভাবে ৩৩ কোটি’ বলে কটাক্ষ করা হয়েছে, যা সনাতন ধর্মাবলম্বী হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত হেনেছে। 

সংগঠনটির মতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি অসাম্প্রদায়িক ও মুক্তবুদ্ধির চর্চা কেন্দ্রে এ ধরনের সাম্প্রদায়িক আচরণ এবং একটি নির্দিষ্ট ধর্মের বিশ্বাস ও আরাধ্য বিষয় নিয়ে বিদ্রূপ করা কোনোভাবেই কাম্য নয়। এই বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে অসাম্প্রদায়িক চেতনা, মুক্তবুদ্ধির চর্চা এবং ধর্মীয় সম্প্রীতির প্রতীক হিসেবে পরিচিত। তাই কোনো ধর্মের বিশ্বাস ও উপাস্য বিষয় নিয়ে বিদ্রূপ করা এই ঐতিহ্যের পরিপন্থী। ধর্মপ্রাণ হিন্দুরা ধর্মীয় অনুভূতিতে আঘাত ও ধর্ম অবমাননার দায়ে ওই কুটুক্তিকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংগঠনের নেতারা।

বিবৃতিতে বলা হয়, জগন্নাথ হলের সরস্বতী পূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় আয়োজন নয়; এটি বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনা, সাংস্কৃতিক ঐতিহ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতিরও একটি গুরুত্বপূর্ণ নিদর্শন।

বিবৃতিতে বাংলাদেশ হিন্দু সম্মিলন সংঘের পক্ষ থেকে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

সংগঠনটির তিন দফা দাবির মধ্যে রয়েছে-

১. ধর্মীয় অবমাননাকর মন্তব্য এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অভিযোগের অবিলম্বে সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ।

২. জগন্নাথ হলে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে সরস্বতী পূজার প্রতিমা নির্মাণ এবং পূজা উদযাপনে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা।

৩. ক্যাম্পাসে সব ধর্মের শিক্ষার্থীদের সহাবস্থান, ধর্মীয় স্বাধীনতা ও সমান অধিকার নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ।

বিবৃতিতে সংগঠনটি আশা প্রকাশ করে, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত যথাযথ পদক্ষেপ নিয়ে ক্যাম্পাসে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের পরিবেশ বজায় রাখবে।