বিড়াল নিখোঁজে এলাকায় মাইকিং, সন্ধান দিলে পুরস্কার

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬, ০১:৪১ পিএম

মৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরের লস্করপুর এলাকা থেকে ‘মিরুশি’ নামের সাত মাস বয়সী একটি পার্সিয়ান বিড়াল নিখোঁজ হয়েছে। বিড়ালটির সন্ধানে এলাকায় মাইকিং করার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে পাঁচ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছেন পোষা বিড়ালটির মালিক দুই বোন।

কুলাউড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হাবিবা ইসলাম ও আয়শা ইসলাম তাদের বিড়ালটির নাম দিয়েছেন মিরুশি। সাদা ও হালকা ধূসর রঙের বিড়ালটির শরীর ও লেজে ঘন লম্বা পশম রয়েছে।

বুধবার রাতে হাবিবা নিজের ফেসবুক অ্যাকাউন্টে ‘নিখোঁজ সংবাদ’ শিরোনামে একটি পোস্ট দেন। সেখানে বলা হয়, ৪ অক্টোবর তাদের পুরুষ বিড়াল মিরুশি নিখোঁজ হয়। কেউ বিড়ালটির সন্ধান দিতে পারলে তাকে পাঁচ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।

দুই বোন জানান, শৈশব থেকেই তারা বিড়াল পোষেন। বর্তমানে তাদের ৪টি পার্সিয়ান ও ৪টি দেশি জাতের বিড়াল রয়েছে। প্রতিটির আলাদা নামও রয়েছে।

তাদের ভাষ্য, ৪ অক্টোবর তাদের বাসায় কয়েকজন অতিথি এসেছিলেন। অতিথিরা চলে যাওয়ার পর মিরুশিকে আর খুঁজে পাওয়া যায়নি। আশপাশের বিভিন্ন বাসাবাড়িতেও খোঁজ করা হয়েছে। অতিথিরা আসার সময় বাসার প্রবেশফটক খোলা ছিল। সেই সুযোগে বিড়ালটি বাইরে চলে যেতে পারে বলে ধারণা করছেন তারা।

খোঁজাখুঁজির একপর্যায়ে স্থানীয় এক বাসিন্দা জানান, ঘটনার দিন সন্ধ্যায় এক তরুণকে একটি বিড়াল বুকে জড়িয়ে নিয়ে হেঁটে যেতে দেখেছেন তিনি। তবে ওই তরুণকে তিনি চিনতে পারেননি। পরে পাশের এক আত্মীয়ের বাসার সিসিটিভি ফুটেজ দেখা হয়। সেখানে ওই তরুণকে হেঁটে যেতে দেখা গেলেও তার কাছে বিড়াল ছিল কি না, তা স্পষ্ট হয়নি।

এরপর মিরুশির সন্ধানে আশপাশের এলাকায় মাইকিং করানো হয়। এমনকি শহরের বাসস্ট্যান্ডেও গিয়ে খোঁজ করেন দুই বোন। বাসস্ট্যান্ডের ব্যবস্থাপক তাদের জানান, ঘটনার পরদিন ৫ অক্টোবর এক তরুণকে কাঁধে একটি বিড়াল নিয়ে বাসে উঠতে দেখা গেছে।

হাবিবা বলেন, ফেসবুকে পোস্ট দিয়ে তারা সবার সহযোগিতা চেয়েছেন। কেউ মিরুশির সন্ধান দিতে পারলে তাকে পাঁচ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। এ ঘটনায় কুলাউড়া থানায় সাধারণ ডায়েরি করার কথাও জানিয়েছেন তিনি।

বিড়ালের প্রতি দুই বোনের এই টান ছোটবেলা থেকেই। তারা জানান, ছোটবেলায় তাদের দুজনের দুটি দেশি বিড়াল ছিল। একবার তাদের বাবা রাগ করে বিড়াল দুটিকে বাড়ি থেকে দূরে রেখে আসেন। স্কুল থেকে ফিরে বিড়াল না পেয়ে দুই বোন কান্নাকাটি শুরু করেন। পরে বাবা তাদের সঙ্গে নিয়ে বিড়াল দুটিকে খুঁজতে বের হন। প্রথমে একটি এবং সাত-আট দিন পর আরেকটির সন্ধান পাওয়া যায়। বিড়াল দুটিকে ফিরে পেয়ে তারা খুব আনন্দিত হয়েছিলেন।

দুই বোন জানান, গত দুই বছর ধরে তারা পার্সিয়ান জাতের বিড়াল পুষছেন। দেশি ও বিদেশি বিড়ালগুলোকে প্রতিদিন দুই বেলা সেদ্ধ মুরগির মাংস ও বিড়ালের খাবার দেওয়া হয়। কুলাউড়ায় বিড়ালের খাবার পাওয়া যায় না বলে কিছুদিন পরপর সিলেট শহরে গিয়ে তা কিনে আনতে হয়।

হাবিবা বলেন, চার দিন ধরে মিরুশি নিখোঁজ। অনেকে বিড়াল পোষার বিষয়টি নিয়ে ঠাট্টা ও নানা মন্তব্য করেন, যা তাদের কষ্ট দেয়। তবে অনেকে তাদের পোস্ট শেয়ার করছেন। সবার সহযোগিতায় মিরুশিকে ফিরে পাওয়ার আশায় রয়েছেন তারা।

কুলাউলা থানার উপপরিদর্শক ফরহাদ মাতব্বর বলেন, দুই বোন থানায় গিয়ে বিষয়টি জানিয়েছেন। নিখোঁজ বিড়ালটির ছবি এবং তাদের নাম-ঠিকানা রাখা হয়েছে। বিড়ালটির সন্ধানে চেষ্টা চলছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন