বিলুপ্ত সুপ্রিম কোর্ট সচিবালয়ের সিনিয়র সচিব (সিনিয়র জেলা ও দায়রা জজ) শেখ আশফাকুর রহমানসহ ১৫ জন বিচারিক কর্মকর্তাকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে ফেরত নেওয়া হয়েছে। এর মধ্যে ৯ জন জেলা ও দায়রা জজ, ৩ জন অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং ২ জন যুগ্ম জেলা ও দায়রা জজ পদমর্যাদার কর্মকর্তা।
সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল মঙ্গলবার এ বিষয়ে রাষ্ট্রপতির আদেশে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। আদেশে ১৫ কর্মকর্তাদের আইন মন্ত্রণালয়ে যোগদানের তারিখ দেখানো হয়েছে গত ১০ এপ্রিল। এর আগের দিন (৯ এপ্রিল) জাতীয় সংসদে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিল করা হয়েছিল।
মন্ত্রণালয়ে ফেরতে প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ অনুযায়ী বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সদস্যদের (১৫ বিচারিক কর্মকর্তা) পরবর্তী উপযুক্ত পদে পদায়নের নিমিত্ত পুনরাদেশ না দেওয়া পর্যন্ত আইন ও বিচার বিভাগে সংযুক্ত করা হলো। ১৯ মে এটি জারি হলেও এর ভুতাপেক্ষ কার্যকারিতা দেখানো হয়েছে ১০ এপ্রিল থেকে।
অপরদিকে অফিস আদেশে বলা হয়, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে প্রজ্ঞাপনমূলে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের নিম্ন বর্ণিত সদস্যদের পরবর্তী উপযুক্ত পদে পদায়নের নিমিত্ত আইন ও বিচার বিভাগে সংযুক্ত করা হলো। তদানুসারে তাদের দাখিল করা যোগদানপত্র ১০ এপ্রিল থেকে ভূতাপেক্ষভাবে গ্রহণ করা হলো।
