শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার। এ সময় চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিনের ব্যক্তিগত অর্থায়নে দেওয়া অনুদান প্রতিটি পূজামণ্ডপের প্রতিনিধিদের হাতে তুলে দেন তিনি।
রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন আলমগীর সরকার। এ সময় তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করেন।
পরিদর্শনকালে তিনি বলেন, দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবই নয়, এটি বাঙালির ঐতিহ্য ও সম্প্রীতিরও প্রতীক। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলে উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার মধ্য দিয়েই সাম্প্রদায়িক সম্প্রীতি আরও সুদৃঢ় হয়। তিনি প্রত্যাশা ব্যক্ত করেন, শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে পড়বে এবং পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে।
এ সময় তিনি সংসদ সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিনের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি শুভেচ্ছা জানান এবং তার দেওয়া প্রতিটি পূজামন্ডপের জন্য ১০ হাজার টাকা করে পূজামণ্ডপের প্রতিনিধিদের হাতে তাঁর ব্যক্তিগত অনুদান তুলে দেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল গণি তপাদার, সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন, চাঁদপুর জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল হাসান বেনু, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের আহ্বায়ক বলরাম গোস্বামী, উপজেলা যুবদলের সাবেক সভাপতি রাশেদ হাসান টিপু, উপজেলা বিএনপির সদস্য মো. নূরুজ্জামান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোশারেফ হোসেন মুরাদ, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন মৃধা, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু, ছেংগারচর পৌর ছাত্রদলের সদস্য সচিব ফরহাদ হোসেন এবং ষাটনল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন।
এ ছাড়াও উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান বিতরণের মধ্য দিয়ে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে বিএনপি নেতৃবৃন্দের শুভেচ্ছা ও মতবিনিময় করেন।
