মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর পরিচালনা, নিরাপত্তা ও নীতিনির্ধারণে বাংলাদেশের পূর্ণ সার্বভৌম কর্তৃত্ব নিশ্চিতের আহ্বান জানিয়েছেন দেশের সুশীল সমাজের প্রতিনিধি ও রাজনীতিবিদরা। সর্তক করে তারা বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণ এবং আঞ্চলিক যোগাযোগের নতুন সম্ভাবনা সৃষ্টি করলেও প্রকল্পটির দীর্ঘমেয়াদি অর্থনৈতিক কার্যকারিতা, ক্রমবর্ধমান ব্যয়, ঋণের দায় এবং ভূরাজনৈতিক প্রভাব নিয়ে সতর্ক থাকতে হবে। বাংলাদেশের কৌশলগত গুরুত্বপূর্ণ এই অবকাঠামো কোনো বিদেশি শক্তির আধিপত্য বিস্তার কিংবা আঞ্চলিক ভূরাজনৈতিক প্রতিযোগিতার হাতিয়ার হতে পারে না।
শনিবার (২১ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে সেন্টার ফর ইনক্লুসিভ পলিসি অ্যান্ড গভর্নেন্স (সিআইপিজি) আয়োজিত ‘মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর: উন্নয়নের সম্ভাবনা ও কৌশলগত নিরাপত্তার চ্যালেঞ্জ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তারা এসব কথা বলেন।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও মহেশখালী-কুতুবদিয়ার সাবেক সংসদ সদস্য ড. এএইচএম হামিদুর রহমান আযাদ সর্তক করে বলেন, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের পুরোপুরি নিয়ন্ত্রণ আমাদের হাতে থাকতে হবে, যাতে পরবর্তীতে পরিচালনাকারী প্রতিষ্ঠান ইস্ট ইন্ডিয়া কোম্পানি না হয়।
তিনি বলেন, সমুদ্র বন্দর একটি জাতির অর্থনীতির জন্য যেমন আশীর্বাদ, তেমনি তা জাতীয় ও ভূরাজানীতির জন্য বিরাট চ্যালেঞ্জ। জাতীয় নিরাপত্তার স্বার্থ রক্ষা করে বঙ্গোপসাগর ও মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দরকে ব্যবহার করতে দিতে হবে। এই বন্দর ব্যবহার করে আমাদের অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে হবে। স্থানীয় জনগণের স্বার্থ সুরক্ষা ও ক্ষতিকর দিক বিবেচনা নিতে হবে।
এসময় মাতারবাড়ী সমুদ্র বন্দর হওয়ায় স্থানীয় জনগণ যারা বাস্তুচ্যুত হয়েছে তাদের দ্রুত ক্ষতিপূরণ দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন হামিদুর রহমান আযাদ।
বাংলাদেশ ইনস্টিটিউট অভ মেরিটাইম রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট মহাপরিচালক ও নৌবাহিনীর কমোডর (অব.) সৈয়দ মিসবাহ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের ভেতর দিয়ে অন্যদেশের যে কার্গো যাবে, তা আমাদের নিয়ন্ত্রণে রাখতে হবে। শুধু গভীর সমুদ্রবন্দর করলেই অর্থনৈতিক সুবিধা পাওয়া যাবে না যদি অভ্যন্তরিণ যোগাযোগ অবকাঠামো উন্নত ও আন্তঃসংযোগ নিরবিচ্ছিন্ন না হয়।
সাবেক সিনিয়র সচিব শফিউল্লাহ বলেন, আমাদের নীতি কোনো দেশের বিরুদ্ধে নয়, আমাদের নীতি হতে হবে বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি ও কৌশলগত নিরাপত্তা নিশ্চিত করা। আঞ্চলিক ও ভূরাজনৈতিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো বিবেচনায় নিয়ে সমঝোতা করে বাংলাদেশের স্বার্থ নিশ্চিত করতে হবে।
প্রবন্ধ উপস্থাপক ড. মিজানুর রহমান বলেন, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে নতুন গতি সঞ্চার, পরিবহন ব্যয় ও সময় হ্রাস এবং আঞ্চলিক ট্রান্সশিপমেন্টের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে। তবে পর্যাপ্ত পণ্য পরিবহন, আধুনিক ব্যবস্থাপনা, কার্যকর যোগাযোগ অবকাঠামো ও বন্দরভিত্তিক শিল্পায়ন নিশ্চিত না হলে বিপুল বিনিয়োগের প্রত্যাশিত অর্থনৈতিক সুফল পাওয়া কঠিন হবে।
গোলটেবিল আলোচনা বক্তারা ৪ সুপারিশ পেশ করেন-
১. মাতারবাড়ী বন্দরের পরিচালনা, নিরাপত্তা ও কৌশলগত সিদ্ধান্তে বাংলাদেশের পূর্ণ কর্তৃত্ব নিশ্চিত করা এবং সব দেশের সঙ্গে সমতাভিত্তিক সহযোগিতা বজায় রেখে বিদেশি আধিপত্য ও একক রাষ্ট্রের ওপর নির্ভরশীলতা পরিহার করা।
২. সোনাদিয়া ও মাতারবাড়ীর তুলনামূলক ব্যয়-সুবিধা মূল্যায়ন, প্রকল্পের ঋণ ও ব্যয়ের স্বচ্ছতা, বাণিজ্যিক লাভজনকতা এবং সংসদীয় ও প্রাতিষ্ঠানিক নজরদারি নিশ্চিত করা।
৩. ভারত, নেপাল ও ভুটানসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ন্যায্য বন্দর মাশুল, পারস্পরিক বাজার সুবিধা ও সমতাভিত্তিক ট্রানজিট চুক্তির মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ সংরক্ষণ এবং আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণ করা।
৪. আন্তর্জাতিক মানের প্রযুক্তি ও দক্ষ ব্যবস্থাপনা, চট্টগ্রাম বন্দরের সঙ্গে সমন্বয়, বন্দরভিত্তিক শিল্পায়ন ও কর্মসংস্থান সম্প্রসারণের পাশাপাশি উপকূলীয় পরিবেশ, জীববৈচিত্র্য ও স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা সুরক্ষা নিশ্চিত করা।
সিআইপিজির চেয়ারম্যান প্রফেসর ড. মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত গোলটেবিল আলোচনাটি সঞ্চালনা করে নির্বাহী পরিচালক ড খুরশীদ আলম।
