স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে কর্মরত তিনজন মেডিকেল টেকনোলজিস্টকে (ডেন্টাল) হাসপাতালের রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগে ন্যস্ত করার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ডেন্টাল পরিষদ। একই সঙ্গে ওই অফিস আদেশ অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে সংগঠনটি।
গতকাল বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিবৃতির মাধ্যমে বাংলাদেশ ডেন্টাল পরিষদ জানায়, মেডিকেল টেকনোলজিস্টরা (ডেন্টাল) চার বছর মেয়াদি একাডেমিক ও ক্লিনিক্যাল শিক্ষা গ্রহণের মাধ্যমে দন্ত-স্বাস্থ্যসেবায় প্রশিক্ষিত পেশাজীবী হিসেবে সরকারি-বেসরকারি পর্যায়ে দায়িত্ব পালন করে আসছেন।
তাদের নিজস্ব পেশাগত কর্মক্ষেত্র থেকে সরিয়ে রেডিওলজি অ্যান্ড ইমেজিংয়ের মতো ভিন্ন একটি বিভাগে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত পেশাগত মর্যাদা, সেবার মান ও জনস্বাস্থ্যের জন্য উদ্বেগের বিষয়।
বিবৃতিতে সংগঠনটির নেতৃবৃন্দ বলেন, মেডিকেল টেকনোলজিস্টদের নিজস্ব কর্মক্ষেত্রে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের সুযোগ থাকা সত্ত্বেও অন্য বিভাগে দায়িত্ব পালনে বাধ্য করার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা প্রয়োজন। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে যথাযথ কর্তৃপক্ষের কাছে বিষয়টি তুলে ধরে সাংগঠনিকভাবে পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে সংগঠনটি।
বাংলাদেশ ডেন্টাল পরিষদের মহাসচিব লায়ন মুহাম্মদ কামাল হোসেন বলেন, আগামী রবিবারের মধ্যে সংশ্লিষ্ট অফিস আদেশ প্রত্যাহার করা না হলে সোমবার দুপুর ১২টায় বাংলাদেশ ডেন্টাল পরিষদের ঢাকা মহানগর ও ঢাকা জেলা শাখার নেতৃবৃন্দ মিটফোর্ড হাসপাতালের পরিচালকের কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত প্রতিবাদ জানাবেন। একই সঙ্গে পরবর্তী সাংগঠনিক কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রশিক্ষিত মেডিকেল টেকনোলজিস্ট বা ডেন্টালদের নিজ নিজ পেশাগত দায়িত্ব পালনের সুযোগ নিশ্চিত করা।
বাংলাদেশ ডেন্টাল পরিষদ জানিয়েছে, পেশাগত অধিকার, জনস্বাস্থ্য ও দন্ত-স্বাস্থ্যসেবার স্বার্থে বিষয়টির শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে তারা।
