মিরপুরে চতুর্থ ইনিংসে রেকর্ড কেমন?

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ পিএম

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভরসা হয়ে ছিলেন কেবল নাঈম হাসান। তিনি যা করবেন তাতেই বাড়বে আশা। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ফিফটি ছুঁতেই এতো বড় সম্মান পাবেন তা হয়তো বুঝেননি। গ‌্যালারিতে থাকা হাজার দুয়েক দর্শক আর টিম ম‌্যানেজমেন্ট দাঁড়িয়ে করতালি দিলেন। নাঈমের প্রথম ফিফটি। ফিফটি শুধু ফিফটি নয়, দলকে বাঁচানোর, খাদের কিনারা থেকে তুলে তোলার অপ্রতরোধ‌্য লড়াইয়ের ছবি। তবে ইনিংসটি বড় হলো না। 

ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক রোস্টন চেজের বল উড়াতে গিয়ে লং অফে ধরা পড়লেন। তার ৫২ রানের ঝলমলে ইনিংসে শেষ পর্যন্ত বাংলাদেশ থামল ১৪২ রানের। তাতে লিড দাঁড়াল ১৬৯ রানের। ওয়েস্ট ইন্ডিজের টার্গেট ১৭০ রান। এই রান কি ডিফেন্ড করা সম্ভব? মিরপুর শের-ই-বাংলার ইতিহাস কী বলছে? 

বোলিংয়ে চতুর্থ ইনিংসে বাংলাদেশ এই মাঠে টেস্ট জিতেছে ৬টি। তবে এতো কম রানে জিতেনি কোনো টেস্ট। বাংলাদেশ সর্বনিম্ন রান ডিফেন্ড করেছে ২৬৫ রানের লক্ষ‌্য দিয়ে। ২০১৭ সালে অস্ট্রেলিয়াকে ২৬৫ রান টার্গেট দিয়ে ২০ রানে ম‌্যাচ জেতে। ২৪৪ রানে অলআউট হয়ে যায় অসিরা। এছাড়া বাকি ৫টি জয়ই অনেক বড় ব‌্যবধানে। ২০১৬ সালে ইংল‌্যান্ডকে হারিয়েছিল ১০৮ রানের ব‌্যবধানে। টার্গেট ছিল ২৭২। 

২০২৬ সালে পাকিস্তানকে ২৬৭ রানের টার্গেট দিয়ে জিতেছিল ১০৪ রানে। সবচেয়ে বড় জয় এসেছিল ২০২৩ সালে। সেবার আফগানিস্তানকে টার্গেট দিয়েছিল ৬৬২ রান। ১১৫ রানে তাদের গুটিয়ে দিয়ে বাংলাদেশ ম‌্যাচ জেতে ৫৪৬ রানে। এছাড়া দুইশর বেশি রানে জয় আছে দুইটি। 

২০২৫ সালে আয়ারলান্ডকে ২১৭ এবং ২০১৮ সালে জিম্বাবুয়েকে ২১৮ রানে বাংলাদেশ হারিয়েছিল। দুইবারই চারশর বেশি রানের লক্ষ‌্য দিয়েছিল বাংলাদেশ। চরম ব‌্যাটিং বিপর্যয়ে ওয়েস্ট ইন্ডিজকে বড় লক্ষ‌্য দিতে পারেনি। তবে উইকেটে ব‌্যাটিং করা সহজও নয়। বল নিয়মিত ছোবল দিচ্ছে। উচুঁ নিচু হচ্ছে। বাংলাদেশের তিন স্পিনার তাইজুল, নাঈম ও মিরাজ একসঙ্গে আক্রমণ চালালে ভালো কিছু পেতেও পারে দল।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন