মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালককে তলব করেছেন হাইকোর্ট। পিরোজপুরের মঠবাড়িয়া এলাকার অ্যাডভোকেট মো. শাহজাদাকে মুক্তিযোদ্ধা হিসেবে আইন অনুসারে তালিকাভুক্তি সংক্রান্ত রায় পালন না করার অভিযোগে তাকে তলব করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ ১৯ মে তাদের তলব করেন।
আদালতে আবেদনকারী আইনজীবী শাহজাদা এ আদেশের কথা নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি এক রায়ে হাইকোর্ট তাকে আইন অনুসারে মুক্তিযোদ্ধা গেজেটভূক্ত করতে নির্দেশ দেন। এই রায় ২০২৪ সালের ২৫ মার্চ তারা রিসিভও করেন। কিন্তু রায় না মানায় ২০২৫ সালে আদালত অবমাননার মামলা করি। আদালত রুলও জারি করেন। সেই রুলের শুনানিতে বৃহস্পতিবার (৭ মে) তৎকালীন সচিব ইশরাত চৌধুরী ও জামুকার ডিজি শাহীনা আক্তারকে ১৯ মে তলব করেছেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান।
