মেট্রোরেলের ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাচ্ছেন যারা

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৫ মে ২০২৬, ০৩:৫৭ পিএম

আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে মেট্রোরেলে ৬৫ বছর বা তার বেশি বয়সী ও প্রতিবন্ধী যাত্রীদের জন্য ভাড়ায় ২৫ শতাংশ ছাড় দেওয়ার পরিকল্পনা করছে সরকার। এতে ডিএমটিসিএলের বার্ষিক টিকিট আয়ের প্রায় ৩ শতাংশ বা প্রায় ১২ কোটি টাকা রাজস্ব কমতে পারে বলে ধারণা করছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

ইতিমধ্যে এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মতি চেয়ে চিঠি দিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। বর্তমানে বয়স্ক ও প্রতিবন্ধীরা একক যাত্রার টিকিটে ১৫ শতাংশ ছাড় পেয়ে থাকেন। এ ছাড়া যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য মেট্রোরেলে বিনামূল্যে ভ্রমণের সুবিধা রয়েছে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় জানিয়েছে, বিএনপির নির্বাচনী ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনায় বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য ভাড়া আরও কমানোর প্রতিশ্রুতি ছিল। তারই অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সুবিধা পেতে প্রতিবন্ধীরা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ‘সুবর্ণ’ পরিচয়পত্র এবং ৬৫ বছর বা তার বেশি বয়সীরা জাতীয় পরিচয়পত্র দেখাতে পারবেন। মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, রাজস্ব ও আর্থিক সংশ্লিষ্ট বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন বাধ্যতামূলক। গত বুধবার সে লক্ষ্যেই চিঠি দেওয়া হয়েছে।

পরবর্তী ধাপে শিক্ষার্থীদের জন্যও মেট্রোরেলে ভাড়া ছাড় দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে তা ডিএমটিসিএলের রাজস্ব আয় ও পরিচালন সক্ষমতা বিবেচনায় নিয়ে কার্যকর করা হবে।

অন্যদিকে, আগামী বাজেটে প্রতিবন্ধীদের জন্য করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) তহবিলের একটি নির্দিষ্ট অংশ ব্যয়ের নির্দেশনা অর্থমন্ত্রীর বাজেট বক্তব্যে থাকতে পারে। তবে জাতীয় নীতিমালা না থাকায় এই নির্দেশনা কতটা বাস্তবায়িত হবে, তা নিয়ে সংশয় রয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন