ম্যাচের আগে ক্রিকেটারদের শপিং বিব্রত বিসিবি

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ এএম

ত্রিদেশীয় সিরিজের ফাইনাল খেলতে হলে জিততেই হতো বাংলাদেশকে। শুধু জেতা নয়, সমীকরণ মেলানোর মতো চ্যালেঞ্জও ছিল। অথচ আফগানিস্তানের বিপক্ষে সেই ম্যাচের আগের দিন ক্রিকেটারদের ব্যস্ত ছিল ব্যক্তিগত শপিংয়ে! বিষয়টি ঘিরে বিব্রত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, জাতীয় দলের ক্রিকেটারদের সাম্প্রতিক মাঠের বাইরের কর্মকাণ্ডে অস্বস্তিতে পড়েছেন তারা।

চলমান ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচের আগের দিন হোটেল থেকে বেরিয়ে শপিং করতে যান বাংলাদেশের কয়েকজন ক্রিকেটার। রাতে তারা হোটেলে ফেরেন। ম্যাচের আগের দিন ক্রিকেটারদের এমন কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন উঠেছে।

কিছুদিন আগেও এশিয়ান গেমসের ভিলেজ থেকে বেরিয়ে যাওয়ায় বাংলাদেশের কয়েকজন ক্রিকেটারকে শাস্তির মুখেও পড়তে হয়েছিল। ফলে একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিসিবির এক পরিচালক গণমাধ্যমে বলেন, ‘এটা বেশ বিব্রতকর এবং এমন ঘটনা কাম্য নয়। ক্রিকেটাররা জেনেশুনে এমন করছেন, নাকি না বুঝে করছেন, সেটিও বিবেচনার বিষয়। দলের ব্যবস্থাপনাকেও আরও সতর্ক হতে হবে।’

তিনি আরও বলেন, ম্যাচের আগের দিন শপিং কিংবা ঘোরাঘুরির বিষয়টি কেউই সহজভাবে নেবে না। এমনকি দল জিতলেও এ ধরনের কর্মকাণ্ড নিয়ে বোর্ডের অস্বস্তি থাকবে। শুধু সাধারণ সমর্থক নন, বোর্ডের কর্মকর্তারাও বিষয়টি ভালোভাবে দেখছেন না।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন