জোহানেসবার্গ টেস্টের প্রথম দিনে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। তবে ম্যাচে চতুর্থ দিনে চিত্রটা উল্টো। দ্বিতীয় ইনিংসে নামতেই দক্ষিণ আফ্রিকার পেস তোপে ৫ উইকেট হারিয়ে হারের শঙ্কায় পড়েছে টাইগাররা। এই মুহূর্তে তাদের সামনে ম্যাচ বাঁচানো ছাড়া আর কোনো পথ খোলা নেই বলে জানিয়েছেন পেসার হাসান মাহমুদ।
চতুর্থ দিনের শুরুতেও ম্যাচে জয়ের সমান সম্ভাবনা ছিল বাংলাদেশের। কিন্তু সকালে দক্ষিণ আফ্রিকার লোয়ার অর্ডার ব্যাটারদের দ্রুত আটকাতে না পারায় বড় পুঁজি পেয়ে যায় স্বাগতিকরা। এরপর মেঘলা কন্ডিশনে কাগিসো রাবাদা ও মার্কো ইয়ানসেনদের সামলাতে গিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।
দিন শেষে সংবাদ সম্মেলনে এসে ম্যাচ হাতছাড়া হওয়ার কারণ ব্যাখ্যা করেন ইনিংসে ৪ উইকেট নেওয়া হাসান। তার মতে, প্রতিপক্ষের টেইলএন্ডারদের ওপর চাপ ধরে রাখতে না পারাটাই কাল হয়েছে।
হাসান বলেন, আমার কাছে মনে হয় ওদের টেইলএন্ডাররা যখন এসেছিল, তখন একটু রান লিক হয়েছে। আমরা চেষ্টা করেছিলাম এক জায়গায় ডিসিপ্লিন্ড বোলিং করে যাওয়ার, কিন্তু সামহাউ সেটা হয়নি। ওদের ওপর ওরকম চাপ তৈরি করতে পারিনি। এরপর ওরা ভালো একটা স্কোর গড়ে ফেলে এবং আমরা ব্যাটিংয়ে নেমে দ্রুত উইকেট হারিয়ে ফেলি।
তিনটি ক্যাচ হাতছাড়া না হলে ম্যাচের চিত্র ভিন্ন হতে পারত বলে মনে করেন অনেকে। হাসানও মানছেন ক্যাচগুলো ধরা উচিত ছিল, তবে ফিল্ডারদের চেষ্টায় কোনো ঘাটতি দেখছেন না তিনি।
তিনি বলেন, অনেস্টলি বলতে গেলে, ক্যাচ তো অবশ্যই ধরতে হবে। তবে এটা ক্রিকেটেরই অংশ, মিস হতেই পারে। কেউই চায় না হাতের ক্যাচ ফেলতে। আমরা স্লিপ ক্যাচিং নিয়ে অনেক প্র্যাকটিস করছি, ফিল্ডিংয়ে আমাদের চেষ্টার কোনো কমতি নেই।
দক্ষিণ আফ্রিকার বোলাররা শেষদিকে ভালো ব্যাটিং করলেও বাংলাদেশের ব্যাটাররা কেন দ্রুত ফিরলেন- এমন প্রশ্নে কন্ডিশনকে সামনে আনলেন ডানহাতি এই পেসার বলেন, ওদের সময় উইকেট ব্যাটিং সহায়ক ছিল। কিন্তু আমরা যখন ব্যাটিংয়ে নামি, তখন আকাশ মেঘলা ছিল, বৃষ্টির ভাব ছিল। উইকেটের আচরণ কিছুটা বদলে গিয়েছিল। নতুন বলে রাবাদা ও ইয়ানসেন দুইপাশ থেকে সিম মুভমেন্ট পাচ্ছিল। আমাদের ব্যাটাররা কঠিন একটা সময় পার করেছে।
পঞ্চম ও শেষ দিনে হার এড়ানোই এখন বাংলাদেশের একমাত্র লক্ষ্য। প্রথম ইনিংসে মাত্র ২০-৩০ রানের মধ্যে ৩ উইকেট হারানোর পরও দলীয় সংগ্রহ ৪০০ ছাড়িয়েছিল বাংলাদেশ। সেই স্মৃতিই এখন হাসানের আত্মবিশ্বাসের বড় উৎস।
হাসান বলেন, এখন আমাদের ম্যাচ বাঁচানো ছাড়া কোনো অপশন নেই। ব্যক্তিগতভাবে আমি মন থেকে বিশ্বাস করি আমরা পারব। কারণ প্রথম ইনিংসেও ২০-৩০ রানে ৩ উইকেট পড়ে যাওয়ার পর আমরা ৪০০ রান করেছিলাম। কাল যদি আমরা দুই-তিনটা ভালো পার্টনারশিপ গড়তে পারি, তাহলে অবশ্যই নিজেদের সেভ করতে পারব।
উইকেট এখনও ব্যাটিংয়ের জন্য বেশ ভালো বলেই মনে করছেন হাসান। তাই শেষ দিনে ব্যাটাররা ধৈর্য ধরে ক্রিজে পড়ে থাকতে পারলে জোহানেসবার্গ থেকে ড্র নিয়ে ফেরা অসম্ভব নয় বলেই বিশ্বাস তার।
