অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে ভারতের অধিনায়কের প্রতি বর্ণবাদী অঙ্গভঙ্গির অভিযোগে এক ফিলিস্তিনি ফুটবলারের বিরুদ্ধে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) কাছে অভিযোগ করেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ)।
গত বুধবার এএফসির কাছে পাঠানো অভিযোগে এআইএফএফ ঘটনাটি পর্যালোচনা, ম্যাচের ফুটেজ খতিয়ে দেখা এবং প্রযোজ্য বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায়। এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, যে কোনো ধরনের বর্ণবাদ বা বৈষম্যমূলক আচরণকে তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখে এবং খেলাধুলায় এর কোনো স্থান নেই।
২০২৭ এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইপর্বে মালয়েশিয়ার কুয়ালালামপুরে ফিলিস্তিন ও ভারতের মধ্যকার ম্যাচে এ ঘটনা ঘটে, যেখানে ভারত ৪-১ গোলে জয় পায়। ম্যাচের ফুটেজে দেখা যায়, ভারতের অধিনায়ক দাল্লালমুওন গাংতের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ফিলিস্তিনের মিডফিল্ডার তাহা সুয়েইদান হাত দিয়ে নিজেকে বাতাস করার ভঙ্গি করেন।
এআইএফএফ এটিকে বর্ণবাদী অঙ্গভঙ্গি বললেও ১৫ বছর বয়সী সুয়েইদান অভিযোগ অস্বীকার করেছেন। জার্মানির এফসি ইউনিয়ন বার্লিনের অনূর্ধ্ব-১৭ দলে খেলা এই ফুটবলার মঙ্গলবার রাতে ইনস্টাগ্রামে লেখেন, গাংতের সঙ্গে তার কোনো বিবাদ হয়নি এবং মালয়েশিয়ার উচ্চ আর্দ্রতাপূর্ণ আবহাওয়ায় অস্বস্তি থেকেই তিনি স্বতঃস্ফূর্তভাবে ওই ভঙ্গি করেছিলেন। তার ভাষ্য, দুই দল একই হোটেলে অবস্থান করছে এবং তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।
এদিকে গাংতের ক্লাব নর্থইস্ট ইউনাইটেড এফসি এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এআইএফএফের অভিযোগকে সমর্থন জানিয়েছে। তবে এ বিষয়ে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ) ও এএফসির কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ম্যাচের প্রথমার্ধে ভারতের রাজ সিং ওয়াহেংবামকে ফাউল করার পর মাটিতে পড়ে থাকা অবস্থায় লাথি ও হাতে পাড়া দেওয়ার ঘটনায় ফিলিস্তিনের মোহাম্মদ জামহুরকে লাল কার্ড দেখান রেফারি। ম্যাচ শেষে ফিলিস্তিন দলের কোচ ইউসুফ শারবাজি খেলোয়াড়ের এই আচরণের জন্য ক্ষমা চেয়ে বলেন, এমনটা করার কোনো কারণ ছিল না।
বাছাইপর্বের ‘ই’ গ্রুপে তিন জয়ে শীর্ষে ভারত এবং দুই জয় ও এক হারে দ্বিতীয় স্থানে আছে ফিলিস্তিন। আগামী শুক্রবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে দুই দল।
