২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে বল টেম্পারিংয়ে শিরীষ কাগজ ব্যবহারের বিষয়টি কেবল তিনজনের মধ্যে সীমাবদ্ধ ছিল না, পুরো অস্ট্রেলিয়া দলই তা জানত বলে দাবি করেছেন ক্যামেরন ব্যানক্রফট। প্যাট কামিন্সের গত সপ্তাহের সংবাদ সম্মেলনের জবাবে নিজের বক্তব্য তুলে ধরে ব্যানক্রফট নিজেকে ‘ক্ষুব্ধ, প্রতারিত ও একা’ বলে উল্লেখ করেছেন।
উসমান খাজার আত্মজীবনী প্রকাশের পর সাড়ে আট বছর আগের সেই বিতর্ক নতুন করে আলোচনায় আসে। এরই মধ্যে ‘দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান’-এ প্রকাশিত এক দীর্ঘ লেখায় ব্যানক্রফট স্বীকার করেছেন, শুরুর তদন্তে তিনি অনেক তথ্য গোপন করেছিলেন। ব্যানক্রফটের ভাষ্য, স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারের পাশাপাশি পুরো দলই বিষয়টি অবগত ছিল। অন্যদের জড়াতে না চেয়ে এবং তদন্তকে রক্ষা করতেই তিনি তখন সত্য গোপন করেছিলেন।
ব্যানক্রফট জানান, পোর্ট এলিজাবেথে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের চা-বিরতির সময় ড্রেসিংরুমে রিভার্স সুইং বাড়ানোর উপায় নিয়ে আলোচনা হয়। সেখানে বোলিং কোচ ডেভিড স্যাকার ও কোচ ড্যারেন লেম্যান উপস্থিত ছিলেন এবং ডেভিড ওয়ার্নার শিরীষ কাগজ ব্যবহারের কথা তোলেন। কাজটি করতে গিয়ে তিনি অস্বস্তি ও প্রতারণার বোধে ভুগছিলেন বলেও জানান।
মাঠে বল ঘষার পর তা রিভার্স সুইং করছে কি না, তা নিয়ে পেসার প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড, মিচেল মার্শ এবং উইকেটকিপার টিম পেইনের সঙ্গে নিয়মিত কথা বলতেন বলে দাবি করেছেন ব্যানক্রফট। তার ভাষায়, বোলারদের কাছ থেকে প্রতিক্রিয়া নিয়েই তিনি বলে আরও শিরীষ কাগজ ব্যবহার করতেন। এমনকি পোর্ট এলিজাবেথে তৃতীয় দিনের খেলা শুরুর আগের বৈঠকে তার ভূমিকা নিয়ে বাহবা ও উৎসাহ দেওয়া হয়েছিল বলেও দাবি তার। তবে মিডিয়া ম্যানেজার কেট হাচিসন এর বিরোধিতা করে আলোচনা থেকে বেরিয়ে যান। কেপটাউন টেস্টেও ডেভিড স্যাকার ও পেসারদের সঙ্গে একই ধরনের কথা হয়েছিল বলে উল্লেখ করেন ব্যানক্রফট।
এদিকে ব্যানক্রফটের লেখা প্রকাশের কয়েক ঘণ্টা আগে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) জানায়, ২০১৮ সালের ঘটনায় কে কী জানতেন, তা জানাতে একটি ফোরাম খোলা হবে। তবে নতুন তদন্ত বা কোনো শাস্তি দেওয়া হবে না। সিএ ব্যানক্রফটের বক্তব্য খতিয়ে দেখার কথা জানালেও কামিন্সের ম্যানেজার নিল ম্যাক্সওয়েল বলেছেন, নতুন এই বিবৃতিতে এমন কিছু নেই যার উত্তর কামিন্স তার সংবাদ সম্মেলনে দেননি।
