রংপুরে ৪ খুন: খেজুর, শসা ও সিগারেটে সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৮ অক্টোবর ২০২৬, ১০:০৯ পিএম

রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় ডিএনএ পরীক্ষার ফল পাওয়া গেছে। ঘটনাস্থল ওই বাড়ি থেকে উদ্ধার করা খেজুর, শসা ও সিগারেটের শেষাংশ ও গামছায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডিএনএ পাওয়া গেছে। 

বৃহস্পতিবার (৮ অক্টোবর) মহানগর পুলিশের মুখপাত্র ও গোয়েন্দা বিভাগের (ডিবির) উপকমিশনার সনাতন চক্রবর্তী কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘটনাস্থল থেকে উদ্ধার আলামতের সঙ্গে গ্রেপ্তার দুই আসামির ডিএনএ মিলে গেছে।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, মরদেহ উদ্ধারের সময় ঘটনাস্থল থেকে সিআইডি ৩৫টির বেশি আলামত সংগ্রহ করে। এরমধ্যে ছিল ফল কাটার চাকু, ইয়াবা সেবনের ফয়েল, সিগারেটের শেষাংশ, নান রুটি, শসা ও খেজুর। ঘটনার ১২ দিন পর তিন দফায় এসব আলামত ঢাকার ফরেনসিক ল্যাবে পাঠানো হয়।

এর আগে, গত ২০ সেপ্টেম্বর ডিএনএ পরীক্ষার জন্য মুগ্ধ ও সিদ্ধার্থকে রংপুর কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকায় সিআইডির কার্যালয়ে পাঠানো হয়। সেখানে তাদের নমুনা সংগ্রহ করা হয়। নমুনা সংগ্রহের পর পরদিন তাদের রংপুরে ফিরিয়ে আনা হয়। এরপর সেই নমুনা আলামতের সঙ্গে মিলিয়ে দেখা হয়।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পর অভিযুক্তরা বাসার বাথরুমে গোসল করে ডাইনিং টেবিলে বসে খেজুর ও শসা খায় এবং ইয়াবা সেবন করে। পরে স্বর্ণালংকার নিয়ে বাড়ি ছেড়ে যায়। গ্রেপ্তারের পর দুজনই আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দিতে চার হত্যার দায় স্বীকার করেছে বলে ডিবি জানিয়েছে।

বিস্তারিত আসছে… 

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন