রংপুর সিটি করপোরেশনের ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত ও গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়নে দুটি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। প্রকল্প দুটির মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৮১২ কোটি টাকা।
বুধবার (৭ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে ২০২৬-২৭ অর্থবছরের পঞ্চম একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সভায় রসিকের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন রংপুর নগরীর উন্নয়নে প্রকল্প দুটি উপস্থাপন করেন। সভা শেষে কালবেলাকে তিনি জানান, নগরীর গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়নে ১ হাজার ৬০২ কোটি টাকার একটি এবং ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে ২১০ কোটি টাকার আরেকটি প্রকল্প অনুমোদন পেয়েছে। স্থানীয় সরকার বিভাগ এ অর্থ বরাদ্দ দিয়েছে।
প্রশাসক বলেন, দেশের দ্বিতীয় বৃহত্তম নগরী হলেও বিগত ফ্যাসিবাদী সরকার উন্নয়ন বঞ্চিত করে রেখেছিল। তবে বর্তমান সরকারের আন্তরিকতায় এ ক্ষেত্রে অনেক দূর এগিয়ে যাচ্ছে বলে তিনি মনে করেন। নগরীর গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন ও সড়ক সংস্কারসহ নানা উন্নয়নের মাধ্যমে তিলোত্তমা নগরী গড়ার প্রত্যাশা জানান তিনি।
১৮৬৯ সালে প্রতিষ্ঠিত রংপুর পৌরসভাকে ২০১২ সালের ২৮ জুন সিটি করপোরেশনে উন্নীত করা হয়। ৩৩টি ওয়ার্ড নিয়ে গঠিত এই নগরের আয়তন প্রায় ২০৫ বর্গকিলোমিটার। ২০২২ সালের আদমশুমারি অনুযায়ী জনসংখ্যা ৭ লাখ ৮ হাজারের বেশি। রংপুর বিভাগের বিভাগীয় সদর হিসেবে এটি উত্তরাঞ্চলের অন্যতম প্রধান নগরী।
