রবিবার জঙ্গল সলিমপুরে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী-আইজিপি

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৬ মে ২০২৬, ০৯:১৩ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। 

রবিবার (৩১ মে) চট্টগ্রামের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে তাদের এলাকাটি পরিদর্শনের কথা রয়েছে।

পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এই সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্বরাষ্ট্রমন্ত্রী সরেজমিনে জঙ্গল সলিমপুর পরিদর্শন করে সেখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন। তবে সম্প্রতি যৌথ বাহিনীর ক্যাম্পে যে হামলা হয়েছে, তার আগেই মন্ত্রীর এই সফরটি চূড়ান্ত হয়েছিল বলে তিনি উল্লেখ করেন।

এর আগে গত ২৪ মে রাতে জঙ্গল সলিমপুরে স্থাপিত একটি যৌথ বাহিনীর ক্যাম্পে সশস্ত্র আক্রমণ চালায় একদল সন্ত্রাসী। জবাবে পুলিশ ও র‍্যাব পাল্টা গুলি ছুড়লে সন্ত্রাসীরা পিছু হটতে বাধ্য হয়। তবে তার আগেই সন্ত্রাসীরা ওই এলাকায় নির্মাণাধীন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি ক্যাম্প বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয় এবং পুলিশের আক্রমণ ঠেকাতে স্থানীয় একটি রাস্তা কেটে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়।

তারও আগে গত ১৯ জানুয়ারি জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে সন্ত্রাসীদের হামলায় চট্টগ্রাম র‍্যাবের উপসহকারী পরিচালক ‘ডিএডি’ মোতালেব হোসেন ভূঁইয়া প্রাণ হারান। এই ঘটনার পর গত ৯ মার্চ জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা নির্মূল এবং প্রশাসনিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যে একটি সাঁড়াশি অভিযান চালানো হয়। সেই অভিযানে সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব, বিজিবি ও এপিবিএনের প্রায় চার হাজার সদস্য অংশ নিয়েছিলেন।

 

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর