রাজনৈতিক দুর্বলতায় জলবায়ু নিয়ে কাঠামোগত পরিবর্তন হয়নি

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ০১:৩৯ পিএম

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশে রাজনৈতিক প্রক্রিয়ায় দুর্বলতার কারণে জলবায়ু, অভিবাসীদের সংকট ও সম্ভাবনা নিয়ে কাঠামোগত পরিবর্তন আনা সম্ভব হয়নি।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট আয়োজিত এক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বর্তমান সরকারের কথা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, বিএনপি সরকার এ দেশের সমাজ, সংস্কৃতির অনেক সমস্যা চিহ্নিত করেছে। এ সমস্যা কত দিনে আমরা সমাধান করতে পারব সেটা সময় বলে দেবে। কিন্তু এটা আমরা চিহ্নিত করতে পেরেছি। সমাজের বিভিন্ন স্তরের অংশীদারের সমন্বয়ে সংকট মোকাবেলা করতে চাই।

সাংবাদিকের এক প্রশ্নে মন্ত্রী জানান, শিগগিরই তথ্য কমিশন গঠন করবে সরকার। এরইমধ্যে সার্চ কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়েছে। প্রধান বিচারপতির মনোনীত আপিল বিভাগের একজন বিচারক পাওয়া গেলে বিষয়টি চূড়ান্ত করে রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন