লাইসেন্স বাতিলের পর আদ-দ্বীনের সামনে পুলিশ মোতায়েন

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১১ জুন ২০২৬, ০৫:৫৪ পিএম

রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। লাইসেন্স বাতিল ঘোষণার পরই হাসপাতালের আশপাশে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে এ সিদ্ধান্ত জানানো হয়। পরে হাসপাতালের প্রতিটি ফটকে বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি দেখা যায়।

ঘটনার প্রেক্ষাপটে গত ২৭ মে হাসপাতালটির পোস্ট ডেলিভারি ওয়ার্ডে ৬ নবজাতকের মৃত্যু হয়। যাদের প্রত্যেকের বয়স ছিল এক থেকে চার দিনের মধ্যে। এ ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক গঠিত তদন্ত কমিটির রিপোর্টে ওয়ার্ডে অক্সিজেন স্বল্পতা ও হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলাকে মৃত্যুর কারণ হিসেবে চিহ্নিত করা হয়।

ওই রিপোর্টের আলোকে হাসপাতালটির লাইসেন্স কেন বাতিল করা হবে না-এ মর্মে শোকজ নোটিশ দেয় স্বাস্থ্য অধিদফতর। নোটিশের জবাব দিতে তাদের ৭২ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হলেও আরও ৪৮ ঘণ্টার সময় চেয়ে আবেদন করে হাসপাতাল কর্তৃপক্ষ। পরে গত ৯ জুন তারা লিখিত জবাব দেয়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, হাসপাতাল কর্তৃপক্ষের জবাব সন্তোষজনক না হওয়ায় The Medical Practice and Private Clinics and Laboratories (Regulation) Ordinance, 1982-এর ১১(২)(খ) ধারা অনুযায়ী হাসপাতালটির লাইসেন্স বাতিল করা হয়েছে।

তবে অধ্যাদেশের ১২ ধারা অনুযায়ী লাইসেন্স বাতিলের পরবর্তী ৩০ দিনের মধ্যে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সরকারের কাছে আবেদন করা যাবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

এদিকে লাইসেন্স বাতিলের বিরুদ্ধে আগামী রবিবার সরকারের কাছে আপিল করবে বলে জানিয়েছেন আদ্-দ্বীন হাসপাতালের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।

উল্লেখ্য, ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি গত ৪ জুন তাদের প্রতিবেদন প্রকাশ করে। সেদিনই প্রতিবেদনের আলোকে হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেয় স্বাস্থ্য অধিদফতর।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর