শান্তিপূর্ণ সহাবস্থান দেশকে এগিয়ে নেবে : ভূমিমন্ত্রী

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৮ মে ২০২৬, ১০:০৯ এএম

পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে শান্তিপূর্ণ সহাবস্থান ও জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেছেন, শান্তিপূর্ণ সহাবস্থানই জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে একযোগে কাজ করতে হবে।

বৃহস্পতিবার (২৮ মে) সকালে হযরত শাহ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত শেষে তিনি এসব কথা বলেন। সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত এ জামাতে কয়েক হাজার মুসল্লি অংশ নেন।

ঈদের জামাতে ভূমিমন্ত্রী ছাড়াও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। নামাজ শেষে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও দেশের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

নামাজ শেষে মিজানুর রহমান মিনু বলেন, বহিঃশত্রুর হাত থেকে দেশকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শান্তিপূর্ণ সহাবস্থান জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় আমাদের কাজ করে যেতে হবে।

রাজশাহীতে প্রধান জামাত ছাড়াও সকাল ৭টা ও ৮টায় টিকাপাড়া মহানগর ঈদগাহে এবং সকাল ৮টায় বড় মসজিদ সংলগ্ন সাহেববাজার জিরোপয়েন্টে পৃথক ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

নামাজ শেষে মুসল্লিরা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজ নিজ সামর্থ্য অনুযায়ী পশু কুরবানি করেন। কুরবানির বর্জ ব্যবস্থাপনায় সিটি কর্পোরেশন বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। প্রায় আড়াই হাজার পরিচ্ছন্ন কর্মী সকাল থেকে শুরু করে রাত ১০টার মধ্যে পুরো নগরীর বর্জ্য পরিষ্কার করবেন বলে জানানো হয়েছে কর্পোরেশনের পক্ষ থেকে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর