শেখ হাসিনার ফেরা ও পাসপোর্ট নিয়ে সরকারের বক্তব্যে অসংগতি রয়েছে: রুমিন ফারহানা

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ AM

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে উপস্থিত না থেকেও সর্বক্ষণিক বিভিন্ন মাধ্যমে তার উপস্থিতি জানান দিচ্ছেন। সরকারের বিভিন্ন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও তথ্য উপদেষ্টা শেখ হাসিনার ফেরা ও পাসপোর্ট নিয়ে একেক রকম বক্তব্য দিচ্ছেন। যার মধ্যে কোনো মিল নেই।

রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই অসংগতির কথা তুলে ধরেন।

রুমিন ফারহানা বলেন, বাংলা সাহিত্যের বিখ্যাত উক্তির মতো- ‘কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল, সে মরে নাই’। ঠিক একইভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে উপস্থিত না থেকেও সর্বক্ষণিক বিভিন্ন মাধ্যমে তার উপস্থিতি জানান দিচ্ছেন এবং গোপালগঞ্জের সাম্প্রতিকতম ঘটনা হচ্ছে তার লেটেস্ট উদাহরণ।

সরকারের মন্ত্রীদের বক্তব্যের অমিলের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ড. জাহেদ উর রহমান ৩ নভেম্বর বলেন- হাসিনা নিজে ফিরুন বা তাকে ফিরিয়ে আনা হোক, সরকারের চাওয়া একটাই; সরকার তার আসা ঠেকাতে চায় না।’

তিনি আরও বলেন, ‘মৃত্যুদণ্ডে দণ্ডিত হলেও হাসিনা এখনো বাংলাদেশের নাগরিক বলে জানান জাহেদ উর রহমান।’

অন্যদিকে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন হাসিনাকে কোনো পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়া হবে না।

তিনি আরও উল্লেখ করেন, কোনো সন্ত্রাসীকে বাংলাদেশ পাসপোর্ট দেবে না এবং নতুন পাসপোর্ট বা এনআইডি দেওয়ার কোনো পরিকল্পনা নাই। পাশাপাশি বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে ফেরানোর কথাও উল্লেখ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

জাতীয় সংসদের স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে রুমিন ফারহানা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী এখন উপস্থিত আছেন।

রুমিন ফারহানা বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ৯ নভেম্বর বলেছিলেন- পাসপোর্ট ও এনআইডি আবেদনের সত্যতা তিনি এখনো যাচাই করতে পারেননি। আবেদনের আইনগত ভিত্তি দেখে পররাষ্ট্র বা আইন মন্ত্রণালয় পদক্ষেপ নিচ্ছে এবং প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতকে চিঠি দিয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান।

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান ৮ ও ১৪ নভেম্বর জানিয়েছেন, সরকার আইনগত প্রক্রিয়ার মধ্যে আছে এবং হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সরকার সম্পন্ন করেছে, এখন বাকি সিদ্ধান্ত ভারতের। একইসঙ্গে মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে হাসিনা আপিলের কোনো সুযোগ পাবেন না বলেও উল্লেখ করেন আইনমন্ত্রী।

রুমিন ফারহানা বলেন, যেসব অসংগতি আমরা লক্ষ্য করছি, তাতে দেখা যায় উপদেষ্টা নিষেধাজ্ঞা প্রত্যাহারের পক্ষে মত দিয়েছেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী তা সরাসরি নাকচ করছেন। আবার স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন আবেদন যাচাই করা হয়নি, আর একই দিনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবেদনটিকে হাস্যকর বলে প্রত্যাখ্যান করছেন।