ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল, ২০২৬’ অধিকতর পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োজনীয় সংশোধনীর পর দ্রুততম সময়ের মধ্যে সংসদে প্রতিবেদন আকারে উপস্থাপনের সিদ্ধান্ত নিয়েছে।
রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির দ্বিতীয় (মুলতবি) বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির সভাপতি মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর সভাপতিত্বে বৈঠকে বিলটি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে কমিটির সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ, রফিকুল ইসলাম হিলালী, এস এম জাহাঙ্গীর হোসেন, নায়াব ইউসুফ আহমেদ, মমতাজ আলো এবং মোহাম্মদ নাজিবুর রহমান অংশ নেন।
এ সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
