দিনের মাঝের সময়টা হতাশায় মোড়ানো হলেও শেষটা দারুণ স্বস্তির হলো বাংলাদেশের জন্য। মুমিনুল হকের আঘাতের পর হাসান মাহমুদের জোড়া আঘাতে দক্ষিণ আফ্রিকার ৪ উইকেট ফেলে দিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় দিনের খেলা শেষে প্রথম ইনিংসে ৪ উইকেট হারিয়ে ২৮৭ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা, এখনও ১১৩ রানে এগিয়ে আছে বাংলাদেশ।
১ উইকেটে ১২৯ রান নিয়ে তৃতীয় সেশনের খেলা শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। মারকাস অ্যাকারম্যান এবং জুবায়ের হামজার ধুন্ধুমার ব্যাটিংয়ে ছুটেছে প্রোটিয়াদের ইনিংস। ফিফটি হাঁকিয়ে দুজন ছুটেছেন সেঞ্চুরির দিকে। হামজা সেঞ্চুরি মিস করেছেন। দলের ২০৭ রানের মাথাতে তাকে ফেরান পার্ট টাইমার মুমিনুল হক। ১২৯ বলে ৮৩ রান করে সাজঘরে ফিরে যান জুবায়ের হামজা।
এক প্রান্ত ধরে খেলে গেছেন অ্যাকারম্যান। তিন অঙ্ক ছুঁয়ে রানের গতি বাড়িয়েছেন। দ্রুত গতির ব্যাটিংয়ে দেড়শর দিকে ছুটেছেন। দলের রানও বাড়িয়েছেন। একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে টর্নেডো গতিতে দেড়শ ছুঁয়ে ফেলেন অ্যাকারম্যান। যদিও দেড়শ রানের পর বেশি একটা আগাতে পারেননি তিনি। তাকে ফিরিয়ে বড় আঘাত দিয়েছেন হাসান মাহমুদ। ১৬৪ বলে ১৫৭ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরে গেছেন অ্যাকারম্যান।
একটু পরে ১৭ বলে ২ রান করা ম্যাথু ব্রিটজকেকে বিদায় করেছেন সেই হাসান মাহমুদ। শেষ বিকেলে জোড়া আঘাতে কিছুটা চাপে পড়েছে দক্ষিণ আফ্রিকা। রায়ান রিকেলটনকেও প্রায় ফিরিয়ে দিচ্ছিলেন হাসান, তবে উইকেটের পেছনে ক্যাচটা নিতে পারেননি লিটন দাস। টেম্বা বাভুমা এবং রিকেলটন মিলে দিন শেষ করেছেন। ৪ উইকেটে ২৮৭ রান নিয়ে দিন শেষ করেছে দক্ষিণ আফ্রিকা, এখনও ১১৩ রানে এগিয়ে আছে বাংলাদেশ।
বাংলাদেশের হয়ে ৩ উইকেট শিকার করেছেন হাসান মাহমুদ। ১ উইকেট নেন মুমিনুল হক।
