শ্রমিকের চিকিৎসা, মেধাবী সন্তানদের উচ্চশিক্ষার ব্যয় বহন করবে সরকার: শ্রমমন্ত্রী

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ পিএম

আর্থিক সংকটে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হবে না বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, অসুস্থ ও দুর্ঘটনায় আহত শ্রমিকদের চিকিৎসার পাশাপাশি শ্রমিক পরিবারের মেধাবী সন্তানদের শিক্ষাব্যয় বহনেও সহযোগিতা করবে সরকার। প্রয়োজনে বিশ্ববিদ্যালয় পর্যায়ের পড়াশোনার খরচও দেওয়া হবে।

শনিবার (১০ অক্টোবর) সকালে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে অসুস্থ ও দুর্ঘটনায় আহত-নিহত শ্রমিক এবং তাদের পরিবারের সদস্যদের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরিফুল হক চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় শ্রমিকদের চিকিৎসা, সন্তানদের শিক্ষা ও জীবনমান উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। শ্রমিকদের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে সরকার কাজ করছে।

তিনি বলেন, আর্থিক সংকটে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হয়ে যাক, তা সরকার চায় না। শ্রমিক পরিবারের সন্তানদের ফলাফল ও যোগ্যতা যাচাই করে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। উপযুক্ত শিক্ষার্থীদের উচ্চশিক্ষার ব্যয় বহনেও সহযোগিতা করা হবে, যাতে তারা ভবিষ্যতে চিকিৎসক, প্রকৌশলীসহ দক্ষ জনশক্তি হিসেবে গড়ে উঠতে পারেন।

শ্রমমন্ত্রীর ভাষ্য, শ্রমিকদের দুর্দিনে সরকারের আর্থিক সহায়তা তাদের পাশে থাকারই প্রতিফলন। রিকশাচালকসহ বিভিন্ন পেশার শ্রমিকেরা কঠিন রোগে আক্রান্ত হলে নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন করে এ সহায়তা পেতে পারেন। জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট ইউনিয়নের মাধ্যমে আবেদন করলে যাচাইপ্রক্রিয়া সহজ ও দ্রুত হবে।

সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো. ফরহাদ সিদ্দিকী এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মো. শামসুল ইসলাম। অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর